সাঈদীর পক্ষে সাক্ষ্য দিলেন ষষ্ঠ সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আসামিপক্ষের ষষ্ঠ সাক্ষী রওশন আলীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের মে থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত সাঈদী তাঁর দোহাকোলার বাড়িতে ছিলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রওশন আলীর জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনসারী। এ সময় আসামির কাঠগড়ায় সাঈদী হাজির ছিলেন।রওশন আলী (৬২) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া থানার দোহাকোলা গ্রামে। ১৯৬৯-৭০ সালে সাঈদী তাঁদের এলাকায় অনেক ধর্মসভা করেন। ওই ধর্মসভার মাধ্যমে তাঁদের পরিচয় হয়। সাঈদী তখন যশোর উপশহরে ভাড়া থাকতেন। একাত্তরের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে শহরের লোকজন গ্রামে গিয়ে আশ্রয় নেয়। সাঈদী সপরিবারে আশ্রয় নেন বাঘারপাড়ার মহিরন গ্রামের পীর সদরুদ্দীনের বাড়িতে। পীর সদরুদ্দীনের অনুরোধে মে মাসের প্রথম দিকে তিনি সাঈদীকে সপরিবারে তাঁর বাড়িতে আনেন। জুলাই মাসের মাঝামাঝি তিনি (সাঈদী) সপরিবারে গ্রামের বাড়ি চলে যান।জবানবন্দি শেষে রওশনকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। মুক্তিযুদ্ধের পর থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মধ্যে সাঈদী কি গ্রেপ্তার হয়েছিলেন—এ প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘আমি শুনেছিলাম যে সাঈদী এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন।’ সাঈদীর বিরুদ্ধে কী অভিযোগে মামলা হয়েছে—এ প্রশ্নের তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে। যুদ্ধাপরাধের মধ্যে কী কী পড়ে—এ প্রশ্নের জবাবে বলেন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নারী ধর্ষণ প্রভৃতি।সংক্ষিপ্ত জেরার শেষ দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, আসামিপক্ষের সাক্ষী জামায়াতের সঙ্গে জড়িত। সাক্ষী বলেন, এটি সত্য নয়।এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।গোলাম আযমের বিরুদ্ধে জবানবন্দি দিলেন তিন সাক্ষী: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষী। তাঁরা সবাই জব্দ তালিকার সাক্ষী।গতকাল কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেলিনা আফরোজ এবং ষষ্ঠ সাক্ষী কাজী আইয়ুব হোসেনকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তাঁরা গত রোববার জবানবন্দি দিয়েছিলেন। গোলাম আযম এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।পরে রাষ্ট্রপক্ষে জবানবন্দি দেন সপ্তম সাক্ষী চিকিৎসক মুনিয়া ইসলাম চৌধুরী। তিনি সিরু মিয়া দারোগা ও তাঁর ছেলে আনোয়ার কামালের ছবি এবং একাত্তরের ১ নভেম্বর মায়ের কাছে লেখা আনোয়ারের একটি চিঠি ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে দাখিল করেন। এরপর জবানবন্দি দেন অষ্টম সাক্ষী জাতীয় জাদুঘরের কিপার (তত্ত্বাবধায়ক) স্বপন কুমার বিশ্বাস ও নবম সাক্ষী পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম। তাঁরাও কয়েকটি নথি প্রদর্শনী হিসেবে দাখিল করেন। পরে আসামিপক্ষ তাঁদের জেরা করে।