সাঈদীর পক্ষের পঞ্চম সাক্ষীকে জেরা শেষ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের পঞ্চম সাক্ষী মো. খসরুল আলমকে গতকাল মঙ্গলবার জেরা শেষ করেছে রাষ্ট্রপক্ষ। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল খসরুল আলমকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৬৭ সালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন।মুক্তিযুদ্ধের পর জামায়াত কি একটি মুক্তিযোদ্ধা কমান্ড তৈরি করেছিল—এ প্রশ্নের জবাবে আসামিপক্ষের সাক্ষী বলেন, তিনি তা জানেন না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৮৫ সালে তিনি চাকরি করতে সৌদি আরবে যান। ২০০৪ সালে সেখান থেকে দেশে ফেরেন। সাক্ষীর পাসপোর্ট কয়টি—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি। এক প্রশ্নের জবাবে খসরুল বলেন, তাঁর শ্বশুর পিরোজপুরে থাকতেন, সেখানে তাঁর দোকান ছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, সাক্ষীর শ্বশুরের পরিবার পাকিস্তানের সমর্থক ছিলেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়। জেরার শেষ পর্যায়ে হায়দার আলী মত দেন, সাক্ষী মুক্তিযোদ্ধা ছিলেন না। খসরুল বলেন, এটি সত্য নয়। কৌঁসুলি মত দেন, এ জন্য সাক্ষীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে। সাক্ষী বলেন, এটিও সত্য নয়। পরে কৌঁসুলি মত দেন, জামায়াতের সহযোগিতায় সাক্ষী সৌদি আরবে গিয়েছিলেন এবং তাঁদের সহযোগিতায় জীবনযাপন করেন বলে জামায়াত নেতা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছেন। সাক্ষী এবারও বলেন, এটি সত্য নয়। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।গোলাম আযমের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মো. এজাবউদ্দিন মিয়া তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন। তিনি বাংলা একাডেমীর সহ-গ্রন্থাগারিক ও এই মামলায় জব্দ তালিকার প্রথম সাক্ষী। গতকালও তিনি রাষ্ট্রপক্ষের জব্দ করা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। এ নিয়ে তিনি ২৪৯টি নথি প্রদর্শনী হিসেবে দাখিল করলেন। তাঁকে সহযোগিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ।এজাবউদ্দিন আজও জবানবন্দি দেবেন।