সাঈদীর পুনর্বিবেচনার আবেদন খারিজ
তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ১৫ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য অনুপস্থিত ছিলেন) গতকাল বৃহস্পতিবার এ আবেদন খারিজ করে আদেশ দেন।আদেশে বলা হয়, উইটনেস হাউসে (সাক্ষীদের ঢাকায় এনে রাখার স্থান) সাক্ষীদের অবস্থানের বিষয়ে আসামিপক্ষ যেসব নথিপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে, রাষ্ট্রপক্ষ বলেছে সেসব নথিপত্রের কোনো অস্তিত্ব নেই। এ জন্য এসব নথিপত্রের অস্তিত্ব ও বিষয়বস্তু আসামিপক্ষকে প্রমাণ করতে হবে। আদেশে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য সিয়েরা লিয়ন, লেবানন ও রুয়ান্ডায় যে আদালত গঠিত হয়েছে, সেসব আদালতেও বিশেষ কারণে সাক্ষীদের অনুপস্থিতির ক্ষেত্রে জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের বিধান আছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১৯(২) ধারার এই বিধান বিশ্বে একমাত্র নয়।সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলার সাক্ষীদের মধ্যে ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা দুরূহ, ব্যয়বহুল ও কষ্টসাধ্য জানিয়ে রাষ্ট্রপক্ষ গত ২০ মার্চ একটি আবেদন করে। ট্রাইব্যুনালস আইনের ১৯(২) ধারায় করা এই আবেদন আংশিক মঞ্জুর করে ট্রাইব্যুনাল ২৯ মার্চ ১৫ জন সাক্ষীর জবানবন্দি অজেরাকৃত সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ দেন। আসামিপক্ষ ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে। ৩ জুন আসামিপক্ষ আবেদনের সমর্থনে প্রায় ৬০০ পৃষ্ঠার নথিপত্র ট্রাইব্যুনালে দাখিল করে। ওই নথি অনুসারে, যেসব সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা দুরূহ ও ব্যয়বহুল বলে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানিয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজন উইটনেস হাউসে ছিলেন। তবে রাষ্ট্রপক্ষ বলে, এসব নথিপত্র ভুয়া। ১১ জুন আবেদনটির শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।অসুস্থতার কারণে সাঈদীকে গতকালও ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।তদন্ত কর্মকর্তাকে জেরা: এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা অব্যাহত রেখেছেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। গতকাল জেরায় এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরের উমেদপুর হিন্দুপাড়ায় সাঈদী পাকিস্তানি সেনাদের সঙ্গে ঘরবাড়িতে আগুন দেন। তদন্তকালে তিনি এমন ২৫টি ঘর চিহ্নিত করতে পেরেছেন। তবে এসব ঘরের কোনো বস্তুগত আলামত তিনি সংগ্রহ করতে পারেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পারেরহাটে রাজলক্ষ্মী বিদ্যালয়ে পাকিস্তানি সেনাদের যে ক্যাম্প হয়েছিল, তার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এজাজ।পরে ট্রাইব্যুনাল ১৫ জুলাই হেলালউদ্দিনকে জেরার পরবর্তী দিন ধার্য করেন।