একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায়ের কপি গতকাল রোববার সন্ধ্যায় কারাগারে পৌঁছেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় আমরা হাতে পেয়েছি। সাঈদী কাশিমপুর কারাগারে থাকায় রায়ের কপি সেখানে পাঠিয়ে দিয়েছি।’
গতকাল বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক বলেন, সাঈদীর আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় ঘোষণার প্রায় সোয়া এক বছর পর ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।