সাঈদীর ফাঁসির রায় পুনর্বহাল চেয়ে আবেদন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল মঙ্গলবার এ আবেদন জমা দেয় রাষ্ট্রপক্ষ। এর মাধ্যমে প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করল।
পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়ে বলেন, ‘ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসি দিয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেন। আমরা পুনর্বিবেচনার আবেদনে বলেছি, সাঈদীকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা পুনর্বহাল করা হোক।’
অ্যাটর্নি জেনারেল বলেন, সাঈদীর বিরুদ্ধে চারটি অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড পুনর্বহাল চেয়ে পুনর্বিবেচনার আবেদনটি করা হয়েছে। এতে পাঁচটি যুক্তি (গ্রাউন্ড) আনা হয়েছে।
ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
আপিল বিভাগের পাঁচ সদস্যের যে বেঞ্চে সাঈদীর আপিলের শুনানি হয়েছিল, ওই বেঞ্চের দুজন সদস্য ইতিমধ্যে অবসরে গেছেন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁদের মধ্যে বিচারপতি মোজাম্মেল হোসেন তাঁর রায়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন, আর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ফাঁসির আদেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, পাঁচ সদস্যের বেঞ্চেই পুনর্বিবেচনার আবেদনের শুনানি হতে হবে। তবে বেঞ্চের অন্য সদস্যরা কে হবেন—তা প্রধান বিচারপতি নির্ধারণ করবেন।
সাঈদীর আপিল শুনানির বেঞ্চের অপর তিন সদস্য ছিলেন বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই তিনজনের মধ্যে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা তাঁর রায়ে সাঈদীকে খালাস দিয়েছিলেন। বাকি দুজন আমৃত্যু কারাদণ্ডের পক্ষে মত দেন।
আসামিপক্ষ সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সাঈদীর ছেলে মাসুদ সাঈদী প্রথম আলোকে গত সোমবার বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যে কারাগারে গিয়ে সাঈদী সাহেবের সঙ্গে কথা বলব। তারপর তাঁর নির্দেশ অনুসারে রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিয়ম অনুসারে, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করতে পারে রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষ। সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত বছরের ৩১ ডিসেম্বর। তবে আসামিপক্ষ বলেছে, ৩ জানুয়ারি তাঁরা আপিলের রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছেন। সে অনুসারে ১৮ জানুয়ারি পর্যন্ত পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আছে।
আপিল বিভাগ এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে চারজনের করা রায় পুনর্বিবেচনার আবেদনই খারিজ হয়েছে এবং তাঁদের ফাঁসিও কার্যকর হয়েছে। এ চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। শুধু সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগ।