সাঈদীর ফাঁসির রায় বহাল রাখার আরজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় ‘যথার্থ’ উল্লেখ করে ন্যায়বিচারের স্বার্থে তা বহাল রাখার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপনের শেষ দিনে এ আরজি জানায়। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
গতকাল শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সাঈদীর অপরাধ কাদের মোল্লার চেয়েও ভয়ানক। এক মোমেনার সাক্ষ্যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। মোমেনার মতো নির্ভরযোগ্য সাক্ষী এই মামলায়ও আছে। এসব সাক্ষীর বক্তব্যে দেখা যায়, তাঁরা কতটা ‘ন্যাচারাল’ সাক্ষ্য দিয়েছেন। তাঁদের বক্তব্য থেকে বোঝা যায়, সাঈদীর অপরাধ আরও ঘৃণ্য ও গুরুতর। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, পাকিস্তানি সেনাদের আমন্ত্রণ ও অভ্যর্থনা প্রভৃতি অপরাধ তিনি করেছেন। হত্যার চেয়েও ভয়ানক অপরাধ তিনি করেছেন। আর তা হলো জোর করে মানুষের ধর্ম পরিবর্তন।
মাহবুবে আলম যুক্তি দেখান, জবরদস্তি করে অন্য ধর্মে নিয়ে গেলে আত্মার মৃত্যু হয়। আত্মার মৃত্যু শারীরিক মৃত্যুর চেয়েও কঠিন। সব অপরাধ সংঘটনের সময় আসামি সাঈদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
১৩ এপ্রিল (রোববার) এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি আসামিপক্ষকে খণ্ডনের জন্য দিন ধার্য করা হয়েছে। এরপর রাষ্ট্রপক্ষ চাইলে আবার প্রত্যুত্তর দিতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, দুই পক্ষের যুক্তি উপস্থাপন ও খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হতে পারে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে ফাঁসির আদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ (ইব্রাহিম কুট্টি ও বিসাবালী হত্যাকাণ্ড) সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়। আরও ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও ইতিমধ্যে সর্বোচ্চ সাজা দেওয়ায় এগুলোতে আলাদা করে দণ্ড দেননি ট্রাইব্যুনাল।
সাঈদী পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। অন্যদিকে দোষী সাব্যস্ত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে সাঈদীর সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম আপিল নিষ্পত্তি হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায়। গত বছরের ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আপিল বিভাগ গত ১৭ সেপ্টেম্বর তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ১২ ডিসেম্বর ওই দণ্ড কার্যকর হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে একমাত্র ফাঁসির ঘটনাও এটি।