আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘন ঘন রদবদলের কারণে সুষ্ঠু বিচার সম্ভব না-ও হতে পারে। জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার নতুন করে শুরু করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপ কথোপকথন ও ই-মেইল ফাঁস হয়ে যাওয়ায় ১১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেছেন। সাঈদীর বিচার চলছে ওই ট্রাইব্যুনালে। নিজামুল হক ছিলেন ওই ট্রাইব্যুনালের একমাত্র বিচারপতি, যিনি বিচার-প্রক্রিয়ার প্রথম থেকে ছিলেন। তিন সদস্যের ওই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য তাঁর আগেই রদবদল হন। নিজামুল হকের পদত্যাগের পরদিন ১২ ডিসেম্বর তাঁর জায়গায় ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি এ টি এম ফজলে কবিরকে। এর অর্থ দাঁড়ায়, তিনি এমন একটি মামলার রায় দেবেন, যার শুনানির কেবল অংশবিশেষ তিনি শুনেছেন।এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘এখন আদালতের শুদ্ধতা রক্ষার একমাত্র পথ নতুন করে বিচার শুরু করা।’