জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৩ অক্টোবর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই দিন ধার্য করেন।সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পঞ্চম দিনের মতো শুনানি হয়। এর আগেই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী অভিযোগ গঠনের সমর্থনে বলেন, সাঈদীকে অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আনুষ্ঠানিক অভিযোগ তাঁর অপরাধ উন্মুক্ত করেছে। সাক্ষীদের বক্তব্য অনুসারে, সাঈদী এসব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। সাক্ষ্য পরীক্ষা করার জন্য অভিযোগ গঠন করতে হবে।রাষ্ট্রপক্ষের বক্তব্যের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আনুষ্ঠানিক অভিযোগে অপরাধগুলো অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। সাক্ষীর মাধ্যমে অভিযোগ সুনির্দিষ্ট হবে, বিষয়টি ঠিক নয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এ অপরাধ সংজ্ঞায়নের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আছে, তা দূর করতে হবে। আইনটি সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। আইনে অপরাধের সংজ্ঞায়ন, উপাদান প্রভৃতি বিষয় আরও যথাযথভাবে উল্লেখ করতে হবে।শুনানি শেষে ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৩ অক্টোবর দিন ধার্য করেন।