সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের নিন্দা জামায়াতের
দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে অভিযোগ গঠনের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। পৃথক বিবৃতিতে তিনি গত ১৯ সেপ্টেম্বরের ঘটনায় দলের ভারপ্রাপ্ত আমির ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে জড়িত করে আদালতে দেওয়া অভিযোগপত্র দাখিলেরও নিন্দা জানিয়েছেন।বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের নামে সরকারের জুলুমের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’শফিকুর রহমান বলেন, ১৯৭৪ সাল পর্যন্ত সাঈদী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর বিরুদ্ধে কাল্পনিক, ভিত্তিহীন ও বায়বীয় অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। ট্রাইব্যুনালে আনা অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। অপর এক বিবৃতিতে শফিকুর রহমান ১৯ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মকবুল আহমাদ ও এ টি এম আজহারুল ইসলামসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তড়িঘড়ি করে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, এই অভিযোগপত্রের কোনো ভিত্তি নেই। ওই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের অধিকাংশই মিছিলে উপস্থিত ছিলেন না।