সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৮ আগস্ট। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নেওয়া হয়। শুরুতে তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন তিনটি যুক্তি উপস্থাপন করে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করে আরও আট সপ্তাহ সময়ের আবেদন জানান। তিনি বলেন, প্রথমত, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে আনুষ্ঠানিক অভিযোগের (ফরমাল চার্জ) অনুলিপি ১৯ জুলাই পাওয়ার কথা থাকলেও ২৭ জুলাই পাওয়া গেছে। দ্বিতীয়ত, ৪০০ পৃষ্ঠাসংবলিত এই নথির ৯৭ পৃষ্ঠা পড়ার অযোগ্য এবং তৃতীয়ত, অভিযোগ গঠনের শুনানির আগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আইনজীবীর একান্তে কথা বলা (প্রিভিলেজড কমিউনিকেশন) দরকার। কিন্তু কারা কর্তৃপক্ষ আইনজীবীকে সেই সুযোগ দেয়নি।শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের দিন পুনর্নির্ধারণ করে আদেশ দেন। আদেশে বলা হয়, ৪০০ পৃষ্ঠার নথির যে ৯৭ পৃষ্ঠা পড়া যাচ্ছে না, সেগুলোর পাঠযোগ্য অনুলিপি ১৪ আগস্ট আসামিপক্ষের আইনজীবীকে সরবরাহ করতে হবে। কারা কর্তৃপক্ষকে ১৬ আগস্ট সারা দিন আইনজীবী তাজুল ইসলাম ও তানভীর আহমেদ আল-আমিনকে সাঈদীর সঙ্গে একান্তে কথা বলার ব্যবস্থা করতে হবে। ওই সময় অন্য কেউ সেখানে থাকতে পারবেন না।