সাঈদীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে ট্রাইব্যুনালের তদন্ত দল পিরোজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পিরোজপুর পৌঁছেছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে এই দলে রয়েছেন সিআইডির পরিদর্শক ওবায়েদুল্লা ও নূর হোসেন। এই দলে একজন কৌঁসুলির আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।তদন্ত দল আজ বুধবার পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রাম, জিয়ানগর উপজেলার পাড়েরহাট, টেংরাখালী গ্রাম ও বাদুরা গ্রামে যাবে। সেখানে দলটি মামলার বাদী ও সাক্ষীদের সঙ্গে কথা বলবে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গত বছরের আগস্টে পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুটি মামলা করেন সদর উপজেলার চিতলিয়া গ্রামের মানিক পশারী ও জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম। হাকিম অভিযোগ আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পিরোজপুর সদর ও জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। চলতি বছরের ২১ জুলাই তদন্ত কর্মকর্তারা মামলা দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।