সাঈদীর বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিয়েছেন ভাগনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইস-লামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী আবদুর রাজ্জাক আকন (৬৫)। তিনি দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে তাঁর ভাগনে আবদুল হালিম (রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী) অসত্য সাক্ষ্য দিয়েছেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান নিজামুল হক মধ্যাহ্নবিরতির পর আসেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাজ্জাকের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনসারী। শারীরিক কারণে সাঈদী ট্রাইব্যুনালে হাজির ছিলেন না।জবানবন্দিতে আসামিপক্ষের সাক্ষী (সাফাই সাক্ষী) বলেন, তাঁর বাড়ি পিরোজপুরের জিয়ানগর থানার নলবুনিয়া গ্রামে। তাঁর বড় বোন সাফিয়া খাতুনের তিন ছেলে—আবদুল হালিম, আবদুস সালাম ও আবদুল করিম। মুক্তিযুদ্ধের সময় হালিমের বাড়িতে পাকিস্তানি সেনা বা রাজাকার যায়নি, বাড়ি লুট বা আগুন দেওয়া হয়নি। হালিম এই ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিয়েছেন, একাত্তরে তাঁর বয়স ছিল আট-নয় বছর। এক বছর আগে শোনা গেল, সাঈদীর বিরুদ্ধে হালিম অসত্য সাক্ষ্য দেবেন। এ কথা শুনে হালিমের মা তাঁকে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ার জন্য বলেন। তাঁর ভাইয়েরাও মানা করেন। হালিম কারও কথা না শোনায় তাঁর মা রাগ করে ঢাকায় মেজো ছেলের বাসায় চলে যান। বোন (সাফিয়া খাতুন) তাঁকে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করেন।চলতি বছরের ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী আবদুল হালিম (৫৫) জবানবন্দিতে বলেছেন, একাত্তরের ২ জুন সাঈদী, দানেশ মোল্লা, মোসলেম মাওলানাসহ কয়েকজন রাজাকার পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয়। তিনি ট্রাইব্যুনালে অভিযোগ করেন, সাঈদীর আইনজীবীরা ৩০০-৪০০ লোক নিয়ে পিরোজপুরে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন। তবে সাঈদীর আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেন।জবানবন্দিতে রাজ্জাক আরও বলেন, মুক্তিযুদ্ধকালে আশ্বিন মাসের মাঝামাঝি একদিন শেষ রাতে শব্দ শুনে তিনি অনুমান করেন, তা গুলির শব্দ। ফজরের নামাজের পর তিনি বাইরে বেরিয়ে দেখেন, সামনের খাল দিয়ে উত্তর দিক থেকে নৌকায় করে ইব্রাহিম কুট্টির লাশ পারেরহাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নৌকায় কালাম চৌকিদার, আইয়ুব আলী চৌকিদার ও হাকিম মুন্সি ছিলেন। পরে আরও কয়েকজনকে খালের পাড় দিয়ে উত্তর দিক থেকে আসতে দেখেন। তাঁদের মধ্যে ছিলেন দানেশ মোল্লা, সেকেন্দার শিকদার, মোসলেম মাওলানা, রুহুল আমিন ও মোমিন। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন পর ইব্রাহিম কুট্টির স্ত্রী মামলা করেন বলে শোনেন।জবানবন্দি শেষে রাজ্জাককে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। হালিমের জন্ম হয়েছে কবে—এর জবাবে তিনি বলেন, তাঁর মনে নেই। হালিমের আগে তাঁর বোনের আরও চার সন্তান জন্মের পর মারা যায়। হালিমের ভাই সালামের বয়স কত এবং তিনি কী করেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, সালামের বয়স ৪০ বছর হয়নি। তাঁর বিভিন্ন ধরনের ব্যবসা আছে। হালিমের অপর ভাই করিমের বয়স কত—এর জবাবে তিনি বলেন, ৩৫ হবে। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সালাম ও করিম বাড়িতেই থাকত।আসামিপক্ষের সাক্ষীকে জেরা অসমাপ্ত অবস্থায় আজ বৃহস্পতিবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল।