মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হচ্ছে।জানতে চাইলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মো. শাহিনুর ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সোমবার সাঈদীর বিরুদ্ধে ফরমাল চার্জ দেওয়ার দিন ধার্য রয়েছে। বেলা দুইটায় এ বিষয়ে শুনানি হবে।’ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, আনুষ্ঠানিক অভিযোগ আবেদন আকারে দাখিল করা হবে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে সাঈদী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেসব মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সেগুলোর বিবরণ থাকছে। এখানে অপরাধ সংঘটনের তারিখ, সময়, স্থান, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সাক্ষ্যে পাওয়া তথ্য এবং এর সমর্থনে বিভিন্ন নথি ও দলিলপত্র সংযুক্ত করা হয়েছে।প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) রানা দাশগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন, তদন্তের সময় সংগৃহীত বিভিন্ন তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে এ আবেদন তৈরি করা হয়েছে।’মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত সংস্থা গত ৩১ মে সাঈদীর বিরুদ্ধে ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১১ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেন।জামায়াতের অপর চার নেতার বিরুদ্ধে তদন্ত: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা অপর একটি মামলায় তদন্ত চলছে। গত বছরের ২৯ জুন নিজামী ও মুজাহিদ এবং ১৬ জুলাই কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হলেও এ মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয় ২ আগস্ট। সে অনুযায়ী এ মামলায় আগামী মাসে তাঁদের আটক রাখার এক বছর পূর্ণ হবে। ট্রাইব্যুনালের সংশোধিত বিধি অনুযায়ী, গ্রেপ্তারের তারিখ থেকে এক বছরের মধ্যে তদন্ত শেষ না হলে ট্রাইব্যুনালের শর্ত পূরণ সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তি জামিন পাবেন। তবে ব্যতিক্রমী অবস্থায় সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে আটকের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো যাবে।তদন্ত সংস্থা জানায়, আগামী ২ আগস্টের মধ্যে এই চার নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে তদন্ত সংস্থা আটকাদেশ বাড়ানোর জন্য আবেদন করবে। তবে বেশি দিন সময় চাইবে না। ১২ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হবে।