সাঈদীর বিরুদ্ধে আপিল শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলাওয়ার হোসাইন সাঈদী
দেলাওয়ার হোসাইন সাঈদী

জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল শুনানি আজ মঙ্গলবার শেষ হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শেষ হয়।
ওই মামলায় দুই পক্ষের করা দুটি আবেদনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য রেখেছেন আপিল বিভাগ। কাল রায়ের দিন ধার্য হতে পারে।
বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
আদালতে আসামিপক্ষের আইনজীবী এস এম শাহাজাহান যুক্ত খণ্ডন শেষ করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সমাপনী বক্তব্য দেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে ফাঁসির আদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ (ইব্রাহিম কুট্টি ও বিসাবালী হত্যাকাণ্ড) সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়। আরও ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও ইতিমধ্যে সর্বোচ্চ সাজা দেওয়ায় এগুলোতে আলাদা করে দণ্ড ঘোষণা করেননি ট্রাইব্যুনাল। সাঈদী পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। অন্য দিকে দোষী সাব্যস্ত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে সাঈদীর সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।