সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সপ্তম দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হেলালউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরায় তদন্ত কর্মকর্তা কীভাবে আলামত সংগ্রহ করেছেন, কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন—এসব বিষয়ে নানা প্রশ্ন করেন। আজ সোমবার হেলালউদ্দিনকে আবার জেরা করবে আসামিপক্ষ।এদিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি হয়। কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালকে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না এনে তদন্ত কর্মকর্তা ২০০৭ সালে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন হুবহু তুলে ধরেছেন। আর ওই পত্রিকাটি প্রতিবেদন করেছে শাহরিয়ার কবিরের একটি বইয়ের সূত্র ধরে। এর মাধ্যমে কারও অপরাধ প্রমাণিত হয় না। এটি কোনো তদন্ত নয়। এখানে কাদের মোল্লার বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ হাজির করা হয়নি। ট্রাইব্যুনাল আজ সোমবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করেছেন। আজ দুপুরে এ বিষয়ে ফের শুনানি হবে।এদিকে কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় গতকাল তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী এহসান সিদ্দীক। ১৫ মে আসামিপক্ষ এ বিষয়ে যুক্তি উপস্থাপন করবে।