সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ, আজ জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।হরতালের কারণে সাঈদীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা না আসায় গতকালও তিনি মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। গত সোমবার একই কারণ দেখিয়ে সাঈদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গতকাল পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছিলেন।গতকাল সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের অপর সদস্য অনুপস্থিত ছিলেন। শুরুতে আসামিপক্ষের কনিষ্ঠ আইনজীবী মো. সাজ্জাদ আলী চৌধুরী তাঁদের জ্যেষ্ঠ আইনজীবীরা অনুপস্থিত রয়েছেন জানিয়ে কার্যক্রম মুলতবির আরজি জানান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আজ (মঙ্গলবার) এ কারণে কোনো মুলতবি দেওয়া হবে না। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী (২৮তম) তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিনকে জবানবন্দি শেষ করতে বলেন।এ সময় আসামির কাঠগড়ায় থাকা সাঈদী ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ‘হরতাল চলাকালে নিম্ন বা উচ্চ আদালতের কোথাও বিচারিক কার্যক্রম চলে না। সুবিচারের স্বার্থে এই রেওয়াজ দীর্ঘদিন থেকে চলছে। ব্যতিক্রম শুধু এই আদালত। এতেও আমার কোনো আপত্তি থাকত না, যদি জীবনের ঝুঁকি নিয়ে আমার আইনজীবীরা আসতে পারতেন। আইনজীবীর অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালানো সুবিচারের পরিপন্থী।’সাঈদী রাজনৈতিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ও বৃদ্ধ বয়সে প্রতিদিন আদালতে উপস্থিত থাকাকে ‘শারীরিক ও মানসিক নির্যাতন’ বলে উল্লেখ করেন।প্রায় ১০ মিনিটের এই বক্তব্যের পর ট্রাইব্যুনাল মুলতবির আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হেলালউদ্দিন নবম দিনের মতো জবানবন্দি শুরু করেন। জবানবন্দিতে তিনি বলেন, এই মামলার সাক্ষীদের মধ্যে কয়েকজনকে ট্রাইব্যুনালে হাজির করা ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও অসম্ভব হওয়ায় তিনি প্রতিবেদন দাখিল করেছিলেন। পরে ১৫ জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। তিনি ওই ১৫ জনের জবানবন্দি নেওয়ার তারিখ উল্লেখ করে সেগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তদন্তকালে জব্দ করা কয়েকটি বইয়ের তালিকাও উপস্থাপন করেন। জবানবন্দি শেষ হলে ট্রাইব্যুনাল হেলালউদ্দিনকে জেরার দিন ধার্য করেন।তিন মামলার কার্যক্রম আজ: ট্রাইব্যুনাল-১-এ গতকাল বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কয়েকটি আবেদনের বিষয়ে আদেশ, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন নির্ধারিত ছিল। এসব মামলার কার্যক্রমের জন্য আজ দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।