সাঈদীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিনকে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জেরা ৭ মে পর্যন্ত মুলতবি করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম সকাল সাড়ে ১০টার পর শুরু হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন। আইনজীবী জানতে চান, সাঈদীকে গ্রেপ্তারের আবেদনে আপনি যে প্রতিবেদন দাখিল করেন, তাতে আরও দুটি মামলায় তিনি আটক আছেন বলে উল্লেখ করেন। হেলালউদ্দিন হ্যাঁ-সূচক জবাব দেন। আইনজীবী বলেন, সাঈদীর বিরুদ্ধে আপনি যে ১৭টি মামলা উদ্ধৃত করেন, তার মধ্যে ১ নম্বর মামলার এজাহারকারী হলেন পুলিশ পরিদর্শক (এসবি, ঢাকা) মঞ্জুর মোর্শেদ। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটা তাঁর জানা নেই।এজাহারকারী (মঞ্জুর মোর্শেদ) এ মামলায় প্রত্যক্ষদর্শী কি না, এ প্রশ্নের জবাবে হেলালউদ্দিন বলেন, তিনি যে ১৭টি মামলার সূত্র উল্লেখ করেন, তার মধ্যে দুটি (পিরোজপুরের মামলা নম্বর ৬ ও ৭) ছাড়া অন্য মামলাগুলোর বিষয়ে তিনি পর্যালোচনা করেননি। মিজানুল ইসলাম বলেন, ১৭টি মামলার মধ্যে ১৩, ১৪ ও ১৬ নম্বর মামলা বাদে অন্য কোনো মামলায় সাঈদীর নাম ছিল না। এখনো সেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি। তিনি জেনেও এ তথ্য গোপন করেছেন। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য নয়।আসামিপক্ষের আইনজীবী বলেন, ১৬ নম্বর মামলায় রাজশাহীর মতিহার থানার যে মামলার উদ্ধৃতি দেওয়া হয়েছে, সে মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার হোসাইন সাঈদীর নামে। তাঁর বয়স ২৬ বছর। ইচ্ছাকৃতভাবে মাওলানা সাঈদীকে হেয় করার জন্য এ মামলার উদ্ধৃত করা হয়েছে। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি এ মামলা পর্যালোচনা করেননি।মিজানুল জানতে চান, এমন কী অবস্থার সৃষ্টি হলো যে মাত্র দুটি মামলা পর্যালোচনা করলেন? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, রাজশাহীর মতিহার থানার মামলার (নং-২০/৫/২০০৯) সূত্রসহ অন্যান্য মামলার সূত্রসংবলিত একটি প্রতিবেদন তিনি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি (রাজনৈতিক) মাহবুব হোসেনের পক্ষে প্রাপ্ত হয়েছেন। সূত্রে উল্লিখিত মামলাগুলো আন্তর্জাতিক অপরাধের কোনো ঘটনা নয়। কাজেই ৬ ও ৭ নম্বর মামলা ছাড়া অন্য কোনো মামলা পর্যালোচনা করেননি। কাজেই মামলার গভীরে কী আছে, তা তাঁর জানা নেই।গত বুধবার হেলালউদ্দিনকে আসামিপক্ষের জেরা শুরু হয়েছে।