সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শেষ পর্যায়ে চলে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেছে। আসামিপক্ষ ১৮ নভেম্বর থেকে যুক্তি উপস্থাপন করবে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নবম ও শেষ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের পক্ষে সাক্ষ্য-প্রমাণের আইনগত ভিত্তি তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে যেসব নৃশংস মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সাঈদী জড়িত ছিলেন, সেগুলো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২০(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তাঁর সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।আইনের ২০(২) ধারা অনুসারে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণসাপেক্ষে অপরাধের গভীরতা অনুসারে ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড বা উপযুক্ত শাস্তি দিতে পারবেন। পরে হায়দার আলী সাংবাদিকদের বলেন, তাঁর মতে, সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে ১৯টি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এসব অভিযোগের পক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার মাধ্যমে এ মামলা শেষ পর্যায়ে উন্নীত হলো। এ প্রসঙ্গে হায়দার আলী বলেন, ১৮ নভেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। তাঁদের যুক্তি উপস্থাপন শেষে যদি কোনো প্রশ্ন থাকে, তবে রাষ্ট্রপক্ষ তার জবাব দেবে। এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ধার্য করবেন।মোবারকের জামিনের মেয়াদ বাড়ল: একই ট্রাইব্যুনাল গতকাল ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের জামিনের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে।সকালে মোবারকের আইনজীবী এস এম শাহজাহান জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এ সময় ট্রাইব্যুনাল মোবারককে সতর্ক করে বলেন, সাক্ষীদের ভয়ভীতি দেখালে জামিন বাতিল করা হবে।এ নিয়ে দ্বিতীয় দফায় মোবারকের জামিনের মেয়াদ বাড়ানো হলো। চলতি বছরের ১৫ জুলাই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। কিন্তু এর আগে প্রায় নয় মাস কারাগারে আটক থাকায় ওই দিন ট্রাইব্যুনাল তাঁকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ১৬ সেপ্টেম্বর জামিনের মেয়াদ ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।