সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল সোমবার ১১তম দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট না হলেও বঙ্গবন্ধুর পারিবারিক ছবি থাকা অ্যালবাম আলামত হিসেবে দাখিল করায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে তাঁর আইনজীবী মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। একপর্যায়ে ট্রাইব্যুনাল জানতে চান, মামলার একটি আলামত (বস্তু প্রদর্শনী-২) হিসেবে দাখিল করা বঙ্গবন্ধুর পারিবারিক ছবি থাকা অ্যালবামের সঙ্গে সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের সম্পর্ক কোথায়? জবাবে তদন্ত কর্মকর্তা সম্পর্ক নেই জানালে ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, সম্পর্ক যদি না থাকে, তবে কেন এটি দাখিল করা হয়েছে? তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝানোর জন্য দেওয়া হয়েছে।ট্রাইব্যুনাল বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রমাণের কিছু নেই, এটা স্বীকৃত সত্য। ইতিহাস প্রমাণের জন্য এই ট্রাইব্যুনাল হয়নি। এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন শেষ: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপন শেষ হয়েছে। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৪ মে নির্ধারণ করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেসুর রহমান বলেন, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে তাঁর চামেলীবাগের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার বিষয়েও মুজাহিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ ছাড়া তিনি নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলে জাহানারা ইমামের ছেলে শহীদ রুমী, মুক্তিযোদ্ধা আজাদ, বদি, সুরকার আলতাফ মাহমুদসহ আরও কয়েকজনকে হত্যার জন্য পাকিস্তানি সেনাদের পরামর্শ দেন। কৌঁসুলি মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনার ১২টি, সম্পৃক্ততার ১২টি এবং হত্যা, নির্যাতন ও গণহত্যার আটটি অভিযোগসহ মোট ৩২টি অভিযোগ উপস্থাপন করেন।আলীমের বিরুদ্ধে পরবর্তী শুনানি ২৩ মে: বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি অব্যাহত রয়েছে। গতকাল ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের বিভিন্ন যুক্তি খণ্ডন করেন। শারীরিক কারণে জামিনে থাকা আবদুল আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।রানা দাশগুপ্ত নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।আলীমের আইনজীবী তাজুল ইসলাম যুক্তি উপস্থাপনের জন্য এক দিন সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল ২৩ মে পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি করেন।