সাঈদীর বিরুদ্ধে মামলার রায় চলতি সপ্তাহে ঘোষণার সম্ভাবনা নেই
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় চলতি সপ্তাহে ঘোষণার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়।সাঈদীর বিরুদ্ধে মামলার রায় এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গতকাল সোমবার বিকেলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, এ মামলায়ও দু-এক দিন আগে রায় ঘোষণার তারিখ সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। রায় ঘোষণার দিন এখনো নির্ধারিত হয়নি। এ সপ্তাহে রায় ঘোষণার সম্ভাবনা নেই।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঘোষণা করেছেন। জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয় গত ২১ জানুয়ারি। এর দুই সপ্তাহ পর ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রায়। ট্রাইব্যুনাল-১-এ এখনো কোনো মামলার রায় হয়নি। তবে যেকোনো দিন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হতে পারে। গত ২৯ জানুয়ারি এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন শেষ করলে রায় অপেক্ষাধীন (সিএভি) রাখা হয়।