সাঈদীর বিরুদ্ধে মামলায় আজ তদন্ত কর্মকর্তাকে জেরার শেষ দিন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরার শেষ দিন আজ সোমবার। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার সাঈদীর আইনজীবী মিজানুল ইসলামকে বিষয়টি মনে করিয়ে দেন।হেলালউদ্দিনকে গতকাল ৪৭তম দিনের মতো জেরা করে আসামিপক্ষ। বিকেল তিনটার দিকে দিনের কার্যক্রম শেষ হওয়ার কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ চাইলে ট্রাইব্যুনালের কার্যক্রম আরও আধা ঘণ্টা চলবে। সে ক্ষেত্রে আসামিপক্ষ আরও কিছুক্ষণ জেরার সুযোগ পাবে। কারণ, কাল (আজ সোমবার) তদন্ত কর্মকর্তাকে জেরার শেষ দিন। অতিরিক্ত সময় দরকার নেই জানিয়ে মিজানুল ইসলাম বলেন, তিনি ট্রাইব্যুনালের আদেশ শুনেছেন এবং তা মনে আছে।২ আগস্ট ট্রাইব্যুনাল হেলালউদ্দিনকে জেরা ৮ আগস্টের মধ্যে শেষ করতে আসামিপক্ষকে নির্দেশ দেন। কিন্তু ৮ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষী মুকুন্দ চক্রবর্তীর (মৃত) জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল। সেদিন ট্রাইব্যুনাল হেলালউদ্দিনকে জেরার সময় আরও দুই দিন বাড়িয়ে দেন এবং বলেন, ১৩ আগস্টের পর জেরার জন্য আর সময় দেওয়া হবে না। আসামিপক্ষ ২৫ এপ্রিল হেলালউদ্দিনকে জেরা শুরু করেছিল।কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় সপ্তম সাক্ষীকে জেরা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আবদুল মজিদ পালোয়ানকে গতকাল দ্বিতীয় দিনের মতো জেরা করে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আজও তাঁকে জেরা করা হবে।ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, প্রজন্ম-’৭১-এর সহসভাপতি ও সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ সকালে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান। তাঁরা ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেছবাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন।পরে শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের বিচারক, কর্মকর্তা থেকে শুরু করে তদন্ত সংস্থার সদস্য—সবাই হুমকির মধ্যে আছেন। বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন আসামিদের বিচারকাজ ২০১৩ সালের মধ্যে শেষ করার জন্য যে রসদ ও জনবল দরকার, সেগুলো যেন সরকার নিশ্চিত করে।শাহরিয়ার কবির বলেন, ‘আইনমন্ত্রী বলেছিলেন ট্রাইব্যুনালের যথেষ্ট রসদ আছে, মোর দ্যান এনাফ আছে। গত বছর ট্রাইব্যুনাল থেকে জনবল চেয়ে একটি অর্গানোগ্রাম পাঠানো হয়েছিল, দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার পর তাঁরা সেটা বাড়িয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখছি না। ট্রাইব্যুনাল পরিদর্শন করে রসদের অভাব লক্ষ করছি, আরেকটা হচ্ছে নিরাপত্তাহীনতা। ট্রাইব্যুনালের গোটা ভবনের কোথাও কি কোনো নিরাপত্তা আছে? সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই। নিউজরুম নেই, বিশ্রামকক্ষ নেই, নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রক্ষালন কক্ষ নেই, পর্যবেক্ষকদের জন্য কোনো বিশ্রামের ব্যবস্থা নেই। একটা ক্যানটিন নেই। লাইব্রেরির কথা আমরা বলেই যাচ্ছি, এটি শুধু প্রসিকিউশনের জন্য নয়, ডিফেন্সের জন্যও দরকার।’ তিনি জানান, আজ সোমবার বেলা ১১টায় এ বিষয়ে নির্মূল কমিটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে।