সাঈদীর বিরুদ্ধে মামলায় প্রথম সাক্ষীকে জেরা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুল আলম হাওলাদারকে জেরা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল বুধবার তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন।সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।শুরুতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেন, এজলাসকক্ষে কোন শ্রেণীর লোক ঢুকতে পারবে, এ বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা থাকলে ভালো হয়। ট্রাইব্যুনাল বলেন, নির্দেশনার দরকার নেই। যতক্ষণ এজলাসকক্ষে জায়গা হবে এবং কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হবে না, ততক্ষণ লোক ঢুকতে পারবে।এরপর মাহাবুবুলকে জেরা শুরু হয়। আইনজীবী কফিলউদ্দিন সুন্দরবনে মুক্তিযুদ্ধের সময় সাব-সেক্টর কমান্ডার জিয়াউদ্দিনের ক্যাম্প নিয়ে সাক্ষীকে বিভিন্ন প্রশ্ন করেন। মেজর জিয়াউদ্দিনকে কী নামে ডাকতেন—এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, মুক্তিযোদ্ধারা তাঁকে ওস্তাদ বলে ডাকতেন।একপর্যায়ে কফিলউদ্দিন বলেন, মাহাবুবুল অসহায় বেকার মুক্তিযোদ্ধা হিসেবে ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এবং ২০০৫ সালে পিরোজপুর জেলা পরিষদের কাছে সাহায্য চেয়েছিলেন। ওই চিঠিতে সাঈদী সুপারিশ করেছিলেন। জবাবে মাহাবুবুল বলেন, তৎকালীন সংসদ সদস্য হিসেবে সাঈদীর সুপারিশ নেওয়া হয়েছিল, ব্যক্তি সাঈদীর নয়।আসামিপক্ষের সাক্ষীদের তালিকা দাখিল: আসামিপক্ষের আইনজীবীরা সাঈদীর পক্ষে সাক্ষীদের তালিকা গতকাল ট্রাইব্যুনালে দাখিল করেন। আসামিপক্ষের অপর আইনজীবী তাজুল ইসলাম জানান, সাঈদীর পক্ষে প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা জমা দেওয়া হয়েছে।