একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার প্রথম সাক্ষী মো. মাহাবুবুল আলম হাওলাদার গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই মুক্তিযোদ্ধার সাক্ষ্য সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হলো:‘আমি ১৯৭১ সালে যুদ্ধের সময় নিজ বাড়িতে ছিলাম। মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী পিরোজপুরে আসে। ৭ মে সকালে লোকমুখে শুনতে পাই, পাকিস্তানি বাহিনী আসছে এবং তাদের অভ্যর্থনা জানাতে পারেরহাট রিকশাস্ট্যান্ডে শান্তি কমিটির লোকেরা অপেক্ষা করছে। আমি পারেরহাটে গিয়ে রিকশাস্ট্যান্ডের আড়াল থেকে লক্ষ করি, সেখানে শান্তি কমিটির লোকেরা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ২৬টি রিকশায় হানাদার বাহিনীর কয়েকজন স্ট্যান্ডে এসে নামে। শান্তি কমিটির লোকেরা তাদের অভ্যর্থনা জানায়। দেলাওয়ার হোসাইন সাঈদী উর্দু ভাষা ভালো জানতেন বলে ক্যাপ্টেন এজাজের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর শান্তি কমিটির লোকেরা হানাদার বাহিনীকে পারেরহাট বাজারের ভেতরে নিয়ে যায়। শান্তি কমিটির লোকেরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের লোকদের দোকান ও বসতঘর আঙুল দিয়ে ক্যাপ্টেন এজাজকে দেখিয়ে দেয়। ক্যাপ্টেন এজাজ লুট করার নির্দেশ দেয়। আমি অবস্থা খারাপ দেখে একটু দূরে সরে যাই। পরে জানতে পারি, ৩০-৩৫টি দোকানঘরের মালামাল, বসতবাড়ি লুটপাট করে সাঈদী সাহেবের দায়িত্বে রাজাকারেরা ভাগবাটোয়ারা করে নিয়েছে। পারেরহাটের বড় ব্যবসায়ী মাখন সাহার দোকানঘরের মাটির নিচে একটি লোহার সিন্দুক থেকে ক্যাপ্টেন এজাজ নিজেই ২২ সের সোনা-রুপা লুট করে নেয়। এত সোনা একবারে পেয়ে তিনি পারেরহাটের নাম রাখেন সোনার পারেরহাট। রাজাকারেরা লুণ্ঠিত মালামাল, সোনাসহ প্রায় ১৫ লাখ টাকা দিয়ে পাঁচ তহবিল গঠন করে। তারা বাদুরা চিথোলিয়া গ্রামের মানিক পশারী ও তাঁর ভাইদের ঘরবাড়ি লুটপাট করে পুড়িয়ে দেয়। বাদুরার মুক্তিযোদ্ধা সেলিম খানের বাড়িও লুটপাট করে পুড়িয়ে দেয়।‘আমি মুক্তিযোদ্ধা ক্যাম্পে গোয়েন্দা হিসেবে গোপন সংবাদ সরবরাহের দায়িত্বে ছিলাম। নয় নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ, এম এ ইউ আউয়াল আমাকে এই দায়িত্বে নিযুক্ত করেন। জেলার বিভিন্ন এলাকায় আমি গোয়েন্দা হিসেবে যাই এবং এসব অপরাধ কর্মকাণ্ড দেখে ক্যাম্পে সংবাদ দেই।‘২ জুন খুব ভোরে অলিলুর রহমান আমার বাড়ি এসে বলেন, “আপনি এবং আপনার বাড়িতে যেসব আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা আছেন তাঁদের তালিকা হয়েছে। তাঁদের ধরার জন্য শান্তি কমিটির লোক ও রাজাকারেরা আসবে।” আমি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের লোকজনকে আমার বাড়িতে আশ্রয় দিতাম। অনুমান সকাল ১০টার দিকে পারেরহাট শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর দানেশ আলী মোল্লা, সেকান্দার শিকদার, দেলাওয়ার হোসাইন বর্তমানে সাঈদী, মোমিন হাওলাদার, হাকিম তারি, হাবিবুর রহমান মুন্সিসহ আরও অনেক অজানা রাজাকার পাকিস্তানি সেনাদের নিয়ে মোমিনপুর গ্রামে আমার বাড়ির কাছে হিন্দুপাড়ায় আক্রমণ চালায়। তারা চিত্তরঞ্জন তালুকদার, জহর তালুকদার, বিসাবালী, সুকোবালী, অনিল মণ্ডলসহ আরও অনেকের ২৫-৩০টি ঘর লুটপাট করে পুড়িয়ে দেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। অসুস্থ বিসাবালীকে একটি নারকেলগাছে বেঁধে মারপিট করা হয়। সাঈদী নির্দেশ দেন, “ওটাকে গুলি করো।” এরপর এক রাজাকার গুলি করে বিসাবালীকে হত্যা করে।‘আমি ২০০৯ সালে পিরোজপুরের আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করি। ওই বছর ৮ সেপ্টেম্বর থানায় এজাহার রুজু হয়, মামলা নং-৪। পরে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে। আমি ন্যায্য বিচার পাওয়ার আশায় ২০১০ সালের ২০ জুলাই তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করি। আমি এই অপরাধের বিচার চাই।’