সাঈদীর বিরুদ্ধে শুনানিতে দুই পক্ষের যুক্তি-তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর উপস্থিতিতে আসামিপক্ষ দ্বিতীয় দিনের শুনানি করেছেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে চারটা পর্যন্ত শুনানি হয়। বাকি শুনানির জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিরোধিতা করে গতকাল ২৫টি যুক্তি উপস্থাপন করেন। এর আগে ২১ সেপ্টেম্বর তিনি ৫৪টি যুক্তি উপস্থাপন করেছিলেন।তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের প্রস্তাবিত অভিযোগের তথ্যগত ও আইনগত ভিত্তি নেই। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এবং এর বিধিমালায় অপরাধ সংজ্ঞায়নের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আছে, তাতে কোনটি মানবতাবিরোধী অপরাধ আর কোনটি গণহত্যা, তা বোঝা যায় না। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়া যেতে পারে। এ ছাড়া অপরাধ সংঘটনের তারিখ, সময় এবং স্থান নির্দিষ্ট নয়। আসামিপক্ষের যুক্তির বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, সাক্ষীদের বক্তব্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ দেওয়া হয়েছে। তথ্যগত কোনো অসম্পূর্ণতা নেই। ১৯৭৩ সালের আইনে স্পষ্টভাবে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে।হায়দার আলীর বক্তব্যের একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, প্রস্তাবিত অভিযোগ অনেক জায়গায় সুনির্দিষ্ট নয়। অভিযোগে গ্রামের নাম দেওয়া হয়েছে, কিন্তু উপজেলার নাম নেই। আসামিপক্ষের আইনজীবী অভিযোগ অস্পষ্ট বলে যে বক্তব্য দিয়েছেন, তা ১০০ ভাগ ঠিক।এ বক্তব্যে দ্বিমত জানিয়ে হায়দার আলী উত্তেজিত হয়ে ট্রাইব্যুনাল বলেন, তাহলে আসামিকে অব্যাহতি (ডিসচার্জ) দিয়ে দেন।এ পর্যায়ে ট্রাইব্যুনাল হায়দার আলীকে উত্তেজনা কমাতে অনুরোধ করেন। জবাবে হায়দার আলী বলেন, ‘আমি জীবনে কোনো দিন উত্তেজিত হইনি।’ এরপর তিনি প্রস্তাবিত অভিযোগ পড়া শুরু করেন।একপর্যায়ে ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, হত্যার ঘটনাগুলোকে তিনটি শ্রেণীতে উল্লেখ করা হয়েছে। তা হলো: যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ। কিন্তু কোন হত্যা কোন শ্রেণীতে পড়বে, সেটি বলা হয়নি।হায়দার আলী বলেন, সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে অভিযোগ গঠন করতে কোনো অসুবিধা নেই। অভিযোগ গঠনের পর সাক্ষীদের বক্তব্য অনেক বিষয়ই স্পষ্ট করবে।