সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হাজির করার ‘শেষ সুযোগ’ ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী হাজির করতে আবারও ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। সাক্ষী হাজির করার জন্য রাষ্ট্রপক্ষকে ১৮ মার্চ ‘শেষ সুযোগ’ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় সাঈদীকে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেসুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, সাক্ষী হাজির করা যায়নি। ১০ মার্চের পর সাক্ষী আনা যাবে।এ সময় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘কিছু অপ্রিয় কথা বলতে হবে। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি সাক্ষী হাজির করেছেন। সাক্ষী না আনতে পারলে বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। এবার আর মুখে কিছু বলা হবে না, লিখিত আদেশ দেওয়া হবে।’ পরে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষী আনতে না পারা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপক্ষে এ পর্যন্ত ২৭ জন সাক্ষ্য দিয়েছেন, এরপর ১৫ দিনেও তারা কোনো সাক্ষী আনতে পারেনি। ১৮ মার্চ রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের শেষ সুযোগ দেওয়া হলো। ওই দিন সাক্ষী আনতে ব্যর্থ হলে এ বিষয়ে যথাযথ আদেশ দেওয়া হবে।আদেশের পর ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে বলেন, ‘মুখে বলে দিলাম, কী হবে তা বুঝে নেন।’গত বছরের ৭ ডিসেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শুরুতে প্রায় প্রতি কার্যদিবসেই রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু ২৫ জানুয়ারি ১৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষ নিয়মিত সাক্ষী হাজির করতে পারছে না। ফেব্রুয়ারিতে এই মামলার কার্যক্রম চলে ছয় দিন, এ সময় পাঁচজন সাক্ষ্য দেন। সাক্ষী হাজির না থাকায় বাকি দিনগুলোতে মামলার কার্যক্রম মুলতবি ছিল। সর্বশেষ কার্যক্রম মুলতবি করা হয় ২৩ ফেব্রুয়ারি। পরে ৪ মার্চ ২৭তম সাক্ষী সাংবাদিক আবেদ খানের অসমাপ্ত জেরা শেষ করে আসামিপক্ষ। সেদিনও নতুন সাক্ষী হাজির ছিলেন না। পরবর্তী ধার্য দিন ছিল গতকাল।এই মামলায় রাষ্ট্রপক্ষের নিয়মিত সাক্ষী ৬৮ এবং জব্দ তালিকার ও অন্যান্য সাক্ষী ৬২ জন। তাঁদের মধ্যে এ পর্যন্ত ২০ জন নিয়মিত ও সাতজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।