সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ২০ নভেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।গতকাল ছিল রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের উদ্বোধনী বক্তব্য ও সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ধার্য দিন। এ জন্য সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।শুরুতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম সাক্ষ্য গ্রহণ মুলতবি এবং গত ৩ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আরজি জানান। ২৭ অক্টোবর এই আবেদন দুটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। তাজুল ইসলাম বলেন, সাক্ষ্য গ্রহণে অংশ নেওয়ার জন্য আসামিপক্ষের প্রস্তুতি শেষ হয়নি। এ ছাড়া ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছেন, সেই আদেশ পুনর্বিবেচনার শুনানি না হলে আসামিপক্ষ সাক্ষ্য গ্রহণে অংশ নিতে পারবেন না।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, গোটা জাতি এই দিনটির অপেক্ষায় ছিল। কিন্তু বিচারিক কার্যক্রম মুলতবির জন্য আসামিপক্ষের জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনা করছেন। ৩ অক্টোবর দেওয়া আদেশ পুনর্বিবেচনার শুনানি হবে ১৬ নভেম্বর। ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের উদ্বোধনী বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বিচারিক কার্যক্রম থেকে ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিরত থাকার আবেদনের (রিকিউজাল) শুনানি হবে ১৩ নভেম্বর। ২৭ অক্টোবর সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক এ আবেদন করেন।