সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আহত মোস্তফার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা হাওলাদারের মৃত্যুতে তাঁর স্ত্রী হাসিনা বেগমের আহাজারি। ছবি: মনিরুল আলম
মোস্তফা হাওলাদারের মৃত্যুতে তাঁর স্ত্রী হাসিনা বেগমের আহাজারি। ছবি: মনিরুল আলম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার (৫৫) দুর্বৃত্তের হামলায় আহত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মোস্তফা হাওলাদারের ছেলে হাফিজুল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার রাতে মোস্তফাকে কুপিয়ে গুরুতর আহত করে ওই দুর্বৃত্ত। ওই দিন রাতেই তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
মোস্তফা হাওলাদারের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। মোস্তফার স্ত্রী হাসিনা বেগম জানান, তাঁদের ঘরটি মাটির ভিটির ওপর টিনের ছাউনি ও টিন-কাঠের বেড়ার। শনিবার রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে একজন লোক তাঁদের ঘরের পশ্চিম দিক থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে তাঁর স্বামীর মাথার বাম দিকে কোপ দেয়। টের পেয়ে তিনি জেগে উঠলে তাঁর সঙ্গে হামলাকারীর ধস্তাধস্তি হয়। এ সময় হামলাকারী তাঁকেও আঘাত করে।
মোস্তফা হাওলাদারের ছেলে হাফিজুল দাবি করেছেন, বিএনপি-জামায়াতের লোকজন তাঁর বাবার ওপর হামলা করেছে। হামলাকারীকে তাঁর মা চিনতে পেরেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাবি করেছেন, সাঈদীর বিরুদ্ধে করা মামলার সাক্ষী মোস্তফা হাওলাদারের ওপর হামলার ঘটনায় বিএনপি বা জামায়াতের কেউ জড়িত নন।