সাঈদীর বিরুদ্ধে হত্যা লুণ্ঠনে সহযোগিতার তথ্য-প্রমাণ মিলেছে
‘১৯৭১ সালের ৪ মে। মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য বিভিন্ন এলাকা থেকে ১৯-২০ জন লোক মধ্য মাসিমপুর বাসস্ট্যান্ডের পেছনে জমায়েত হন। এ সংবাদ পেয়ে স্থানীয় পাকিস্তানি বাহিনীর সহযোগী রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী ও তাঁর এদেশীয় সহযোগীরা পাকিস্তানি সেনাদের গোপন খবর দিয়ে মধ্য মাসিমপুর বাসস্ট্যান্ডের পেছনে নিয়ে আসে। পরে সেখানে পাকিস্তানি বাহিনী তাঁদের গুলি করে হত্যা করে। তারপর পাকিস্তানি বাহিনী সাঈদীর দেখানো মতে, মণীন্দ্রনাথ মিস্ত্রির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।...ওই দিন যাঁরা মারা যান, তাঁরা হলেন: বিজয়কৃষ্ণ মিস্ত্রি, উপেন্দ্রনাথ, জগেন্দ্রনাথ মিস্ত্রি, সুরেন্দ্রনাথ মিস্ত্রি, মতিলাল মিস্ত্রি, জগেশ্বর মণ্ডল, সুরেন মণ্ডল ও অজ্ঞাতনামা আরও ছয়জন।’জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তদন্ত সংস্থা আইনজীবীদের (প্রসিকিউটর) মাধ্যমে অগ্রগতির এ প্রতিবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলামের কাছে জমা দেয়। এ সময় আইনজীবী প্যানেলের সদস্য জেয়াদ-আল মালুম, মোখলেসুর রহমান, আলতাফ উদ্দিন আহমেদ এবং তদন্ত সংস্থার সদস্য মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের বক্তব্য: আইনজীবী (প্রসিকিউটর) মোখলেসুর রহমান ও তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সাঈদীর বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে যথার্থ সময় চাওয়া হয়েছে। এ ছাড়া আনুষ্ঠানিক অভিযোগ গঠন পর্যন্ত তাঁকে আটক রাখার আরজি জানানো হয়েছে। মোখলেসুর রহমান জানান, ২৯ ডিসেম্বর এ আবেদনের বিষয়ে শুনানি হবে।সাঈদীর বিরুদ্ধে অভিযোগ: মুক্তিযুদ্ধ চলাকালে অপরাধী সাঈদীর নেতৃত্বে ১৫-২০ জনের একদল রাজাকার পাড়েরহাটের হিন্দুপাড়ায় ঢুকে মুক্তিযুদ্ধের সমর্থক হরলাল মালাকার, অরকুমার মির্জা, তরুণী কান্ত সিকদার, নন্দকুমার সিকদারসহ ১৪ জনকে আটক করে রশি দিয়ে বেঁধে পিরোজপুর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। পাকিস্তানি বাহিনী তাঁদের গুলি করে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়।প্রসিকিউটর (আবেদনকারী) বনাম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু (অপরাধ সংঘটনকারী) শিরোনামে গতকাল জমা দেওয়া প্রতিবেদনের শুরুতে বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু ট্রাইব্যুনালের ২ নভেম্বর দেওয়া আদেশে বর্তমানে অন্য মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তদন্তে তাঁর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী, শান্তিবিরোধী, গণহত্যার অভিযোগসহ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। এ বিষয়ে দেশে-বিদেশে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ২৩ ডিসেম্বর তদন্ত শেষ না হওয়ায় তদন্ত শেষে মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে এই প্রতিবেদন উপস্থাপন করা হলো।প্রতিবেদনে পরবর্তী তদন্ত শেষে প্রতিবেদন দেওয়ার সুযোগ দিতে এবং অপরাধ সংঘটনকারীর আটকাবস্থা অব্যাহত রাখার আরজি জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, তদন্তের স্বার্থে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামত সম্পর্কে তুলনামূলক পর্যালোচনার জন্য অপরাধীকে (সাঈদীকে) তদন্ত কর্মকর্তার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে।অভিযোগ: মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো পিরোজপুরের স্বাধীনতাকামী মানুষকে দাবিয়ে রাখার লক্ষ্যে পাকিস্তানি সেনাবাহিনীর কর্নেল আতিক, মেজর নাদের পারভেজ, ক্যাপ্টেন এজাজ, ক্যাপ্টেন কাদরি, ক্যাপ্টেন এরশাদ, সুবেদার সেলিম, ইউসুফ (এরশাদের ভাগনে), হাবিলদার শাহনেওয়াজ, সুবেদার সেলিম (মৃত), সেপাই সিদ্দিকুর রহমানসহ অন্যরা পিরোজপুর জেলার দায়িত্ব নিতে যান। তাঁরা জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও লুটপাট করেন। সাঈদীর শিক্ষাজীবনের বর্ণনা তুলে ধরে বলা হয়, সাঈদী জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।১৯৭১ সালের ২ জুন দুপুর ১২টার সময় অপরাধী সাঈদী, হাবিবুর রহমান মুন্সী, মো. মোস্তফা হাসান সাঈদী, ইউসুফ আলী সিকদার, মাওলানা মোসলেহউদ্দিন পাকিস্তানি হানাদার বাহিনীসহ মাহবুবুর রহমান হাওলাদারের বাড়িতে ঢুকে তাঁর বড় ভাই আবদুল মজিদ হাওলাদারকে (মৃত) তাঁদের কাছে হাজির করতে এবং সাক্ষীর বাড়িতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের ধরে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। মজিদ অস্বীকার করলে অপরাধীরা তাঁর ঘরে ঢুকে স্বর্ণালংকার, ২০ হাজার টাকাসহ মোট তিন লাখ টাকা লুণ্ঠন করে।আরও হত্যার অভিযোগ: সাঈদীর প্রত্যক্ষ সহযোগিতায় এলাকার হিমাংশু বাবুর ভাই ও আত্মীয়স্বজনকে হত্যা করার অভিযোগ আছে। পিরোজপুরের মেধাবী ছাত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি গণপতি হালদারকে ধরে নিয়ে হত্যা করা হয়। তৎকালীন এসডিপিও ফজলুর রহমান আহম্মেদ, ভারপ্রাপ্ত এসডিও আবদুর রাজ্জাক, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও স্কুলের প্রধান শিক্ষক আবদুল গাফফার মিয়া, সমাজসেবক শামসুল হক ফরাজী, অতুল কর্মকার প্রমুখ সরকারি কর্মকর্তা ও বুদ্ধিজীবীকে সাঈদীর প্রত্যক্ষ সহযোগিতায় হত্যা করা হয়।প্রতিবেদনে গোলাম আযম প্রসঙ্গ: পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম ১৯৭১ সালের ৭ এপ্রিল যথাক্রমে খুলনা ও কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের জামায়াতে ইসলামীর ব্যানারে একত্র হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ধ্বংসের ঘোষণা দেন। এই উদ্দেশ্যে তিনি গ্রামে গ্রামে ‘পিস কমিটি’ গঠনের আহ্বান জানান।শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন: গোলাম আযম ও পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী ও খুলনা কেন্দ্রীয় শান্তি কমিটির সভাপতি এ কে এম ইউসুফের আদেশে জামায়াত নেতা দানেশ মোল্লার (মৃত) সভাপতিত্বে জামায়াত নেতা সেকেন্দার সিকদার (মৃত) ও অন্যরা পিরোজপুরে শান্তি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা স্থানীয় মাওলানা মোসলেম উদ্দিন, সাঈদী, হাবিবুর রহমান মুন্সী ও বিভিন্ন মাদরাসার ছাত্রদের সমন্বয়ে পিরোজপুরে রাজাকার বাহিনী গঠন করে। দানেশ মোল্লা ও সেকেন্দার সিকদার নেতৃত্বে থাকলেও দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু আরবি ও উর্দু ভাষায় কথা বলার দক্ষতা ও বাকপটু হওয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগাযোগসহ সব কর্মকাণ্ড রক্ষা করতেন। ফলে তাঁর নির্দেশ ও নেতৃত্বে সেখানে মানবতাবিরোধী সব কাজ পরিচালিত হয়।