সাঈদীর বড় ছেলে রাফীকের ইন্তেকাল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে রাফীক বিন সাঈদী (৪৬) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে।রাফীকের ছোট ভাই মাসুদ সাঈদী বলেন, রাফীক গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বাবার (সাঈদী) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম দেখতে যান। দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে ছেলের মৃত্যুর ঘটনায় সাঈদীকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য তাঁর আইনজীবীরা আবেদন করবেন বলে জানিয়েছেন। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘দাপ্তরিক সময় অতিক্রম করায় প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মুক্তির জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। এ ছাড়া ট্রাইব্যুনালে আজ মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানানো হয়েছে।’রাফীক বিন সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এক শোকবার্তায় তিনি রাফীকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।