সাঈদীর মামলার কাগজপত্র ১৫ মার্চ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ১৫ মার্চ আবার হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন তাঁর মামলাসংক্রান্ত কাগজপত্র (কেস ডায়েরি) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সে পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।গতকাল রোববার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে সাঈদীর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর ও ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে তদন্তসংক্রান্ত দুটি প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। গতকাল পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীকে হাজির করা হয়।শুরুতে প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সৈয়দ হায়দার আলী সাঈদীর বিরুদ্ধে প্রতিবেদন তুলে ধরে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। আরও কিছু সময় প্রয়োজন।এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক দেড় মাসে কী অগ্রগতি হয়েছে, তা দেখাতে বলেন।হায়দার আলী বলেন, তথ্য-প্রমাণ সংগ্রহ হয়ে গেছে। একাত্তরে ক্ষতিগ্রস্তদের বর্ণনা লিপিবদ্ধ হয়েছে। পত্রপত্রিকা সংগ্রহ করা হয়েছে। এখন তা পর্যালোচনা চলছে।শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সুুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা। আমাদেরকে কোনো অনুলিপি সরবরাহ করা হচ্ছে না।’ তিনি সব দিক বিবেচনা করে সাঈদীর জামিনের আবেদন জানান।এ সময় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ, প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও আলতাফউদ্দিন আহমেদ, তদন্ত সংস্থার সদস্য মো. হেলালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।আদেশের পর হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল ১৫ মার্চ তদন্তসংক্রান্ত কাগজপত্র দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে তা দাখিল করা হবে বলে তিনি জানান।