
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় যেকোনো দিন ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার আপিলের রায় অপেক্ষমাণ (সিএভি—কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রাষ্ট্রপক্ষ ও আসামি-পক্ষের আপিলের শুনানি গত মঙ্গলবার শেষ হলেও দুই পক্ষের দুটি আবেদনের ওপর আদেশের জন্য গতকাল দিন ধার্য করা হয়। আবেদন নিষ্পত্তি শেষে গতকাল আপিল মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। এখন চূড়ান্ত রায়ের অপেক্ষা।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় আপিল মামলার কার্যক্রম শেষ হলো। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি শেষে গত বছরের ১২ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি খালাস চেয়ে এবং রাষ্ট্রপক্ষ তাঁর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে। ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটিতে তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার আলাদা দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অন্য ছয়টি অভিযোগে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। সাঈদী ওই দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ২৮ মার্চ আপিল করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ দোষী সাব্যস্ত হওয়া বাকি ছয়টি অভিযোগে সাজা চেয়ে একই দিন আপিল করে। আপিল বিভাগে এই আপিল মামলার কার্যক্রম শুরু হয় ২৪ সেপ্টেম্বর। ৫০ কার্যদিবসে গতকাল তা শেষ হলো।
দুই আবেদন খারিজ, রায় অপেক্ষমাণ: সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি মঙ্গলবার শেষ হয়। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দুটি আবেদনের শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য ছিল গতকাল। আসামিপক্ষ ইব্রাহিম কুট্টি হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মমতাজ বেগমের করা মামলার সাধারণ রেজিস্ট্রার (জিআর) তলব করার আবেদন করেছিল। আর মুক্তিযুদ্ধের পর দালাল আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের মামলার নথি তলবের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। আদালত গতকাল দুটি আবেদনই খারিজ করে রায় অপেক্ষমাণ রাখেন।
আসামিপক্ষের দাবি, ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। অথচ মমতাজ বেগম তাঁর স্বামীর হত্যার অভিযোগে ১৯৭২ সালে যে মামলা করেছিলেন, তার এজাহারে (এফআইআর) আসামি হিসেবে সাঈদীর নাম ছিল না। ওই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রেও সাঈদী আসামি ছিলেন না। ওই অভিযোগপত্রের অনুলিপি অতিরিক্ত নথি হিসেবে আপিল বিভাগে দাখিল করেছে আসামিপক্ষ।
আসামিপক্ষের দাবি, একাত্তরে পিরোজপুরে দেলোয়ার হোসেন শিকদার নামে এক রাজাকার ছিলেন, রাষ্ট্রপক্ষ ওই রাজাকারের অপরাধকে সাঈদীর ঘাড়ে চাপাচ্ছেন।
পক্ষান্তরে রাষ্ট্রপক্ষের দাবি, ইব্রাহিম কুট্টি হত্যা-সংক্রান্ত যে নথির কথা আসামিপক্ষ বলছে, তা জাল ও মিথ্যা। বরিশাল ও পিরোজপুরের জেলা জজ আদালতে ওই ধরনের কোনো নথির অস্তিত্ব পাওয়া যায়নি। মামলার প্রয়োজনে আসামিপক্ষ ওই নথি তৈরি করেছে, এ জন্য সেগুলো বিবেচনা না করার আরজি জানায় রাষ্ট্রপক্ষ।
দুই পক্ষই পাল্টাপাল্টি দাবির পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত মামলার নথি তলবের জন্য আবেদন করেছিল।
ন্যায়বিচারের আশা দুই পক্ষেরই: দুই পক্ষই ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। গতকাল মামলার কার্যক্রম শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি ন্যায়বিচার পাব। ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া সাজা আপিল বিভাগ বহাল রাখবেন। বাকি ছয়টি অভিযোগেও সাঈদীকে সাজা দেবেন বলে আশা করছি।’
একাত্তরে দেলোয়ার হোসেন শিকদার নামে আরেকজন রাজাকার ছিলেন—আসামিপক্ষের এ দাবি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কাদের মোল্লাও বলেছিলেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। কসাই কাদের নামে আরেকজন অপরাধ করেছেন। কিন্তু আদালতে কাদের মোল্লার অপরাধ প্রমাণিত হয়েছে। আমরা আশা করি, সাঈদীর মামলায়ও একই ঘটনা ঘটবে।’ তিনি জানান, দোষী সাব্যস্ত হওয়া আটটি অভিযোগ (৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৯) ও দেলোয়ার শিকদার প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের যুক্তি লিখিত আকারে আপিল বিভাগে জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে ইব্রাহিম কুট্টি হত্যা মামলা-সংক্রান্ত নথি তলবের জন্য আমাদের আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। তার পরও আমরা আশাবাদী যে ন্যায়বিচার পাব। সাঈদীর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ এনে যে মামলা করা হয়েছে, সর্বোচ্চ আদালত সেসব অভিযোগ থেকে তাঁকে খালাস দেবেন।’