সাঈদীর মামলার বাদীর বাড়ি ভাঙচুর
হরতালের দ্বিতীয় দিনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী মাহাবুবুল আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা।
আজ সোমবার সকাল নয়টার দিকে পারেরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামে মাহাবুবুল আলমের বাড়িতে এ হামলা চালানো হয়।
জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহাবুবুল আলম মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় দূর থেকে তিনি মিছিল আসার শব্দ পান। তিনি কিছু বুঝে ওঠার আগেই মিছিলটি তাঁর বাড়ির সীমানা ঢুকে যায়। এ সময় তিনি ভয়ে বাড়ির দরজা-জানালা বন্ধ করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘরের ভেতরেই আশ্রয় নেন। হামলাকারীরা মাহবুব কমান্ডারকে ধর ধর বলে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির বাইরে টিউবওয়েল ও শৌচাগার ভাঙচুর করে। এরপর তারা দরজা-জানালা কোপায়। এ সময় মাহবুবুল ঘরের পাটাতনের ওপরে এবং স্ত্রী-সন্তানেরা আলমারির কোনায় আশ্রয় নেন। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে কাউকে না পেয়ে ঘরের সব আসবাব ভাঙচুর করে। ঘরে অনেক মানুষের ভিড়ের মধ্যে মিশে গিয়ে বেরিয়ে আসেন মাহবুবুল আলমের স্ত্রী ও সন্তানেরা। এরপর হামলাকারীরা চলে গেলে তিনি নিচে নেমে আসেন।
মাহবুবুল আলম দাবি করেন, সাঈদীর মামলার বাদী হওয়ায় এখন তাঁর জীবন হুমকির মুখে।