জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারের বাড়িতে এখনো তাণ্ডবের চিহ্ন রয়ে গেছে। এখনো সবকিছু এলোমেলো পড়ে আছে। পরিবারের সদস্যদের আতঙ্ক কাটেনি। আবার কখন হামলা চালায়, সেই ভয়ে দিন কাটছে তাঁদের।
মাহবুবুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামায়াত-শিবিরের ক্যাডাররা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। রান্নার চুলা গুঁড়িয়ে দেয়। ফলে অন্যের বাড়ি থেকে পাঠানো খাবার খেয়ে আছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মাহবুবুলের বাড়িতে গেলে দেখা যায়, একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) নেতৃত্বে পুলিশ সদস্যরা বাড়ির নিরাপত্তার দায়িত্বে আছেন। মাহবুবুলের স্ত্রী রিনা বেগম বলেন, ‘আমার চার সন্তানের মধ্যে দুজন ঢাকায় থাকে। বাড়িতে আছে ছয় বছর বয়সী মেয়ে মাহবুবা আর ছোট ছেলে পাঁচ বছরের মাইনুল হোসেন। হামলার সময় মাইনুল ভয় পেয়েছে। তার গায়ে জ্বর উঠেছে। চুলা ভেঙে ফেলায় রান্না বন্ধ, আত্মীয়স্বজনের দেওয়া খাবারে চলছে আমাদের।’
রিনা বেগম বলেন, ‘হামলার সময় আমি ঘরের পেছনে লুকিয়ে ছিলাম। ওরা আমাদের পেলে মেরে ফেলত। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। পুলিশ সদস্যরা চলে গেলে আমরা কীভাবে বাঁচব।’
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক শিশির রঞ্জন অধিকারী বলেন, ভয় পেলে জ্বর, পাতলা পায়খানা, খিঁচুনি হতে পারে। মাহবুবুল বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা ও লুটপাটের অভিযোগে মামলা করার পর থেকে আমাকে ফোনে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। হামলাকারীরা সাঈদীর বিরুদ্ধে করা মামলার কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে।’
গত সোমবার মাহবুবুলের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামের বাড়িতে জামায়াতের কর্মীরা হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা বাড়িতে থাকা টিউবওয়েল, শৌচাগার ও রান্নাঘর ভেঙে ফেলেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান।
জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, নিরাপত্তার খাতিরে মাহবুবুলের বাড়িতে ছয়জন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাক্ষীদের নিরাপত্তায় জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের বৌডুবি বাজারে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।