সাঈদীর মামলার সাক্ষীরা এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর লোকজন সাক্ষীদের হুমকি দেওয়ায় তাঁরা ভয়ে এলাকা ছেড়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী এই দাবি করেছেন।সাঈদীর বিরুদ্ধে করা মামলায় সাক্ষীদের অবস্থা জানিয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে জানতে চাইলে হায়দার আলী গতকাল সাংবাদিকদের এ কথা বলেন। ২৫ মার্চ এই আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রাষ্ট্রপক্ষ সাক্ষীদের অবস্থা জানিয়ে আবেদন করলে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানির জন্য দিন ধার্য করেন। এই সময়ের মধ্যে আসামিপক্ষকে ওই আবেদনের বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।হায়দার আলী পরে সাংবাদিকদের বলেন, কয়েকজন সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা যাচ্ছে না। আসামিপক্ষের হুমকিতে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। তাঁদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। সাক্ষী এক নারীর বয়স ৭৮ বছর, তিনি গুরুতর অসুস্থ। স্মৃতিশক্তি বিলুপ্তপ্রায়। ভ্রমণের ক্ষেত্রে তাঁর মৃত্যুর ঝুঁকি রয়েছে। আরেক সাক্ষীর মেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তিনি (সাক্ষী) বাড়ি থেকে পিরোজপুরের পারেরহাট বাজারে রওনা হওয়ার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনজন সাক্ষীর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা ভারতে চলে গেছেন।হায়দার আলী আরও বলেন, এ কারণে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্যকে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছে। এই মামলায় বুদ্ধিজীবীরা সাক্ষ্য দেবেন কি না—এ ধরনের প্রশ্নে হায়দার আলী বলেন, এই মামলায় দেশের কয়েকজন বরেণ্য বুদ্ধিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য আছে। কিন্তু তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী নন, একধরনের ‘ফরমাল সাক্ষী’। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এসব সাক্ষ্য গ্রহণ করার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হয়েছে।এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালে সাক্ষীদের জেরা করতে না পারলে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে।