সাঈদীর রায় কাঙ্ক্ষিত ছিল না: প্রধানমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা কারও কাছে কাঙ্ক্ষিত ছিল না। ফাঁসির রায় বহাল থাকলেই মানুষ বেশি খুশি হতো।
গতকাল বৃহস্পতিবার দশম সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদের অধিবেশন সমাপ্তির রাষ্ট্রপতির ঘোষণা পড়ে শোনান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তাঁরা রায় দিয়েছেন। এ নিয়ে বলার কিছু নেই।
সাঈদী মানুষের সামনে নিজেকে ধর্মগুরু ও ধর্ম প্রচারক হিসেবে উপস্থাপন করে আসছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই রায়ে প্রমাণিত হয়েছে, তিনি লুটপাটকারী, ধর্ষণকারী, খুনি, সামাজিকভাবে অপরাধী একজন মানুষ। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। এর মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। রায়ের পর জামায়াতে ইসলামীর হরতাল দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘হরতাল কেন? কার জন্য? জামায়াত কি রায়ে অখুশি? তারা কি সাঈদীর ফাঁসি চেয়েছিল?’
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সম্মান, পবিত্রতা আরও সুরক্ষিত করা হয়েছে। যাঁরা এর সমালোচনা করছেন, তাঁরা না বুঝেই করছেন, বাস্তবতা চিন্তা করছেন না।
শেখ হাসিনা বলেন, ‘একজন ব্যারিস্টার, যে বাপের হোটেলে খেয়ে বড় হয়েছে, সে বলছে, দুই মহিলা রাজনীতির কী বুঝবে। অথচ নারীরা এখন অনেক কিছু করছে। এই ব্যারিস্টার বঙ্গবন্ধুর খুনি হুদাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন, দল গঠন করেছিলেন। কিন্তু রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি আমার কাছে ধরনা দিয়েছিলেন উপদেষ্টা হওয়ার জন্য। এরা সুসময়ে সরব আর দুঃসময়ে নীরব। এরা যত নারীকে অসম্মান করবে, সংসদে নারীদের সংখ্যাও তত বাড়বে।’
প্রায় পৌণে এক ঘণ্টার বক্তব্যে শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরকারে সাফল্যের কথা তুলে ধরেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বিভিন্ন সমালোচনা ও দাবির বিষয়ে কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ব্যাংক সেক্টরে অনিয়মগুলোই নিয়মে পরিণত হয়েছিল। এগুলো তাঁর সরকারই ধরেছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকার যানজট নিরসন, জলাবদ্ধতা রোধ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সড়কের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। খাদ্যে বিষ মেশানো রোধেও তাঁর সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কোনো কিছু লুকিয়ে রাখছে না। সব অনিয়ম উন্মুক্ত করছে। ব্যবস্থা নিচ্ছে।
সংসদনেতা বলেন, শত প্রতিকূলতার ভেতরেও জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কাজ চলছে। ২০১৫ সালে প্রায় ৩২ কোটি ৬৩ লাখ, ৪৭ হাজার ৯১৩টি বই লাগবে। এ জন্য এখন থেকেই ছাপানোর কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ আসছে। ব্যাপক কর্মসংস্থান হচ্ছে। পৃথক অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ভালো করেছে। এটা সৌদি সরকারই বলেছে।