জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার পর সহিংসতার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রায়ের পর কোনো ধরনের নাশকতার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধেরও ডাক দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দিনাজপুরের ঘোড়াঘাটে এক কর্মী সম্মেলনে এ আহ্বান জানান তাঁরা।
উপজেলার বলগাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মী সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনের সাংসদ শিবলী সাদিক। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় ও সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মোফাজ্জল হোসেন প্রধান, আবদুর রাফে খন্দকার, জহুরুল ইসলাম, সৈয়দ বদরুল আলম, আসাদুজ্জামান, ফয়সাল আলী প্রধান প্রমুখ।
সাংসদ শিবলী সাদিক বলেন, একজন যুদ্ধাপরাধীর রায়কে কেন্দ্র করে জামায়াত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে গবাদিপশুও পুড়িয়ে মেরেছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। তাই ক্ষমতা ও সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয়নি। কিন্তু এবার সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ লক্ষ্যে দল-মতনির্বিশেষে সব বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংসদ।
সম্মেলনে সাংসদ শিবলী সাদিকের ব্যক্তিগত তহবিল থেকে জামায়াত-শিবিরের হামলায় আহত ঘোড়াঘাট পৌর যুবলীগের নেতা আসাদুজ্জামানকে ১৫ হাজার ও জয়নাল আবেদীনকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত তিনজন ভটভটিচালকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেন তিনি।