সাঈদীর রায়ের পর নিহত ১৩৭, সাধারণ মানুষের সংখ্যা ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের মুক্তি এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর সংঘটিত সহিংসতায় ১৩৭ জন মারা গেছেন। এর মধ্যে জামায়াত-শিবিরের কর্মী ৪৪ জন এবং সাধারণ মানুষ ৭০ জন।আইন ও সালিশ কেন্দ্র (আসক) মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন তৈরি করেছে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কে ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য ও নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে সংগঠনটি এই প্রতিবেদন তৈরি করেছে।গত রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে ৪১টি জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। এই হামলায় ৯৫টি মন্দিরসহ অন্তত ৪২০টি বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ২৩০টি ঘটনায় ছয় হাজার ৪৪৯ জন আহত এবং ১৭১ জন নিহত হন। দেশব্যাপী হরতাল হয়েছে মোট ১৪ দিন। তিন মাসে দেশের সাতটি বিভাগে মোট ৬৮ বার ১৪৪ ধারা জারি করা হয়েছে।পত্রিকায় প্রকাশিত তথ্য ও পরিবারের দাবিমতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করে নয়জনকে। পরে চারজনের লাশ পাওয়া যায়। এই বাহিনীর হেফাজতে-ক্রসফায়ারে মারা যান ৯৬ জন। কারা হেফাজতে ১১ জন কয়েদি ও দুজন হাজতি মারা যান এ সময়। অন্যদিকে, আইনের প্রতি আস্থাহীনতায় গণপিটুনিতে মারা যান ৩৪ জন।তিন মাসে একজন সাংবাদিক খুন হন। ১৩ জন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ছাড়া ৯৫ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। সীমান্ত সংঘাতের ঘটনাও ঘটে এ সময়।নারী নির্যাতন: প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে ধর্ষণের শিকার হন ২৯৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয় ২৮ জনকে। ধর্ষণের পর আত্মহত্যা করেন চারজন নারী। ধর্ষণের চেষ্টা চালানো হয় ৬৬ জনের ওপর। পারিবারিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় ৪৬ জন নারীকে। এ ধরনের নির্যাতনে আত্মহত্যা করেন ১১ জন। অ্যাসিড নিক্ষেপের শিকার হন ছয়জন নারী। যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেন ছয়জন। তিন মাসে ২৪ জন গৃহকর্মী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। দুজন গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং বিভিন্ন নির্যাতনের কারণে তিনজন গৃহকর্মী আত্মহত্যা করেন। যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলা হয় ৩১ জনকে। এ কারণে আত্মহত্যা করেন ১০ জন নারী।