সাঈদীর সনদ বাতিলের সুপারিশ বাস্তবায়ন করবে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর শিক্ষা সনদ বাতিলের সুপারিশ বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, কমিটি সাঈদীর দাখিল ও আলিম পরীক্ষার সনদ বাতিলের সুপারিশ করেছিল। মন্ত্রণালয় জানিয়েছে, তারা সুপারিশ বাস্তবায়ন করবে। কমিটি একই সঙ্গে নাম ও বয়স পরিবর্তনের ঘটনার সঙ্গে জড়িত সব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।দাখিল পাসের ৫১ বছর এবং আলিম পাসের ৪৮ বছর পর বয়স ও নাম পরিবর্তন করায় শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সাঈদীর সনদ বাতিলের সুপারিশ করে।সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, জামায়াত নেতা সাঈদী ১৯৫৭ সালে দাখিল ও ১৯৬০ সালে আলিম পাস করেন। এর পর ২০০৮ সালে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নাম ও বয়স পরিবর্তন করে মাদ্রাসা বোর্ড। দাখিল পরীক্ষায় সাঈদীর নাম ছিল মোস্তফা দেলোয়ার হোসেন, আলিমে ছিল আবু নাঈম মো. দেলোয়ার হোসাইন। পরে নিয়মবহির্ভূতভাবে তা পরিবর্তন করে দেলাওয়ার হোসাইন সাঈদী করা হয়। দাখিল পাসের সময় তাঁর বয়স করা হয় ১৬ বছর, আলিম পাসের সময় করা হয় ১৯ বছর।রাশেদ খান মেননের সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম ও জিয়াউর রহমান অংশ নেন।