সাঈদের ইশতেহারে সবার আগে যানজট নিরসন
নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। ইশতেহারে তিনি পাঁচটি অগ্রাধিকারমূলক কাজের কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যানজট নিরসনকে।
আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্র নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে সাঈদ খোকন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে যানজট নিরসন ছাড়াও দূষণমুক্ত নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা; পানি, গ্যাস ও বিদ্যুৎ তিনটি প্রধান নাগরিক সেবা নিশ্চিত করা; পরিচ্ছন্ন ও দূষণমুক্ত স্বাস্থ্যকর মহানগরী গড়ে তোলা; দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এবং নাগরিক নিরাপদ জীবন নিশ্চিত করার কথা বলেন।
মেয়রপ্রার্থী সাঈদ খোকন বলেন, তাঁর কর্মসূচি হবে উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা গড়ে তোলা। ঢাকা দক্ষিণের সব নারী-পুরুষ বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন ঢাকাকে বদলে দিই। স্বপ্নের আধুনিক ঢাকা গড়ে তুলি।’
নির্বাচিত হলে দায়িত্ব নিয়েই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সেল গঠন করবেন উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এটিই তাঁর প্রথম উদ্যোগ হবে।
ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করা সম্ভব জানতে চাইলে এই মেয়রপ্রার্থী বলেন, পাঁচ বছরের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, তাঁর প্রতিশ্রুতি পূরণের প্রতিশ্রুতি। জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।
সাঈদ খোকনের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুর রাজ্জাক বলেন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূল করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে জনগণ বিএনপি জামায়াত জোটের সঙ্গে নেই।
সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক সাঈদ খোকনের জয় কামনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন গোলাম কুদ্দুস। এ অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমা হোসাইন, মাসুদ কামাল, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।