সাউথ পয়েন্ট স্কুলে আগুন-আতঙ্ক
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার সকালে সামান্য আগুন থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আগুন-আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির মালিবাগ শাখার ১২ তলা ভবনের ১০ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জানালার পর্দায় আগুন ধরে যায়। শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ওই ক্লাসরুমে থাকা শিক্ষার্থীরা আগুন আগুন বলে চিৎকার শুরু করলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন আতঙ্ক শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পরে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত নিচে নেমে আসে। খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে এসে শিক্ষার্থীদের নিয়ে যান। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে আটটার দিকে জানালার পর্দায় আগুন ধরে গেলে শিক্ষকেরা আগুন নিভিয়ে ফেলেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম চলবে।