সাউদার্ন মেডিকেল কলেজে কর্মবিরতিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাউদার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এর আগে বুধ ও বৃহস্পতিবার একই দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তাঁরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেলেন তাঁরা।

কর্মবিরতির ফলে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। পাশাপাশি কলেজের শ্রেণি কার্যক্রমেও অংশ নিচ্ছেন না শিক্ষকেরা। এ ছাড়া অন্তঃ বিভাগে রোগীরাও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ। সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০ জনের মতো রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে দিনে গড়ে ১০০ রোগী চিকিৎসাসেবা নেন।

রোববার দুপুরে বহির্বিভাগে সেবা নিতে আসা কুলসুমা বেগম বলেন, ‘এসে শুনি আজ ডাক্তার রোগী দেখবেন না। তাই চলে যাচ্ছি।’

একইভাবে মো. রফিক নামের এক রোগী বলেন, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম। কিন্তু ডাক্তার নেই।’

আন্দোলনরত চিকিৎসকেরা জানান, প্রায় চার বছর ধরে কলেজ এবং হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। এ ছাড়া পদোন্নতি এবং পর্যাপ্ত পদ সৃষ্টি থেকেও বিরত রয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, ইউএসটিসি, বিজিসি ট্রাস্টসহ অনেক বেসরকারি হাসপাতালে যে ধরনের বেতন কাঠামো, সেটি সাউদার্নে নেই বলে তাঁদের দাবি।

প্রতিষ্ঠানটিতে প্রায় ৮০ জন শিক্ষক ও চিকিৎসক রয়েছেন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ২০০ জন বলে জানা গেছে। এখানে গাইনি, মেডিসিন, সার্জারি, ইএনটি, চক্ষু, প্যাথলজি, শিশু, রেডিওলজি, ফরেনসিক মেডিসিনসহ প্রায় ১২টি বিভাগ আছে।

অন্তঃ বিভাগে আজ অর্ধ শতাধিক রোগী ছিল। তাদের কয়েকজন জানান, শিক্ষানবিশ চিকিৎসক ছাড়া দুপুর থেকে অন্য কেউ ওয়ার্ডে আসেননি।

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে কলেজের প্রভাষক মিনহাজুল আলম বলেন, ‘১২ দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ক্লাস, বহির্বিভাগ বন্ধ থাকবে। জরুরি বিভাগ এবং জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো কার্যক্রম চলবে না। ওয়ার্ডে ইন্টার্নি ডাক্তারেরা রোগী দেখবেন।’