সাউদার্ন মেডিকেলে কর্মবিরতি, রোগীদের ভোগান্তি
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের মতো কর্মবিরতিতে গেছেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মবিরতির সময় চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ভবনের সামনে অবস্থান নেন। এতে রোগীদের দুর্ভোগ বেড়েছে।
এর আগে বুধ ও বৃহস্পতিবার একই দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন তাঁরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান তাঁরা।
কর্মবিরতির ফলে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। পাশাপাশি কলেজের শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না শিক্ষকেরা। সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০ জনের মতো রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে দিনে গড়ে এক শ রোগী চিকিৎসাসেবা নেন।
দুপুরে বহির্বিভাগে সেবা নিতে আসা কুলসুমা বেগম বলেন, ‘এসে শুনি আজ চিকিৎসক রোগী দেখবেন না। তাই চলে যাচ্ছি।’ একইভাবে মো. রফিক নামের এক রোগী বলেন, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম। কিন্তু চিকিৎসক নেই।’
আন্দোলনরত চিকিৎসকেরা জানান, প্রায় চার বছর ধরে কলেজ ও হাসপাতালের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। এ ছাড়া পদোন্নতি ও পর্যাপ্ত পদ সৃষ্টি থেকেও বিরত রয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, ইউএসটিসি, বিজিসি ট্রাস্টসহ অনেক বেসরকারি হাসপাতালে যে ধরনের বেতনকাঠামো, সেটি সাউর্দানে নেই।
আন্দোলন সম্পর্কে জানতে চাইলে কলেজের প্রভাষক মিনহাজুল আলম বলেন, ‘১২ দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ক্লাস, বহির্বিভাগ বন্ধ থাকবে। জরুরি বিভাগ ও জরুরি অপারেশন ছাড়া অন্য কোনো কার্যক্রম চলবে না। ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকেরা রোগী দেখবেন।’