২০০১ সালের নির্বাচনোত্তর সহিংস ঘটনায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী-সাংসদসহ ২৬ হাজার ৩৫২ জনকে অভিযুক্ত করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। জমা দেওয়ার সাত মাস পর গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কমিশনের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, শিল্পমন্ত্রী ও জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, ত ৎ কালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ও আবদুস সালাম পিন্টু।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ ও গুরুত্বপূর্ণ অভিযুক্তদের নাম প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় তিনি বলেন, ‘তদন্ত কমিশনের সুপারিশ অনুসারে সহিংসতার জন্য মামলা দায়ের করে অপরাধীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে। আমরা তাদের (সংক্ষুব্ধ ব্যক্তি) বলব মামলা করতে। যদি তারা ভয় পায়, তবে সরকার ব্যবস্থা নেবে।’২০০১ সালের নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুসহ বহু মানুষের ওপর ব্যাপক সহিংসতা চালানো হয়। নির্বাচনে বিজয়ী চারদলীয় জোটের কর্মী-সমর্থকেরা প্রতিপক্ষের কর্মী ও সমর্থকদের চিহ্নিত করে হামলা করে বলে অভিযোগ রয়েছে।তদন্ত কমিশনের প্রতিবেদনে নির্বাচন-পরবর্তী ওই সহিংসতাকে ‘মানবিক দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কমিশন গত ২৪ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রতিবেদন শিগগির জাতির কাছে পেশ করা হবে। এক হাজার ৭৮ পাতার প্রতিবেদনটি পাঁচ খণ্ডে বিভক্ত।প্রতিবেদনে অভিযুক্ত সাবেক সাংসদেরা হলেন জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সোবহান (পাবনা), আবদুল্লাহ মো. আবু তাহের (কুমিল্লা), বিএনপির নেতা পিরোজপুরের শহীদুল হক জামাল, খাগড়াছড়ির ওয়াদুদ ভূঁইয়া, রাজশাহীর নাদিম মোস্তফা, ফেনীর জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), বাগেরহাটের এইচ এম সেলিম, ঝিনাইদহের শহীদুল ইসলাম, সিলেটের ইলিয়াস আলী, ভোলার হাফিজ ইব্রাহীম, ঢাকার সালাউদ্দিন আহমেদ, চাঁদপুরের আলমগীর হায়দার, নওগাঁর সালেক চৌধুরী, বরিশালের জহির উদ্দিন মোহাম্মদ স্বপন, যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন ও নাটোরের বিএনপি নেতা একরামুল কবির।সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন-পরবর্তী এক বছর তিন মাসে সংঘটিত সহিংস ঘটনার সংখ্যা ১৮ হাজারেরও বেশি। তবে সহিংসতার প্রায় নয় বছর পর গঠিত তদন্ত কমিশনের কাছে অভিযোগ আসে পাঁচ হাজার ৫৭১টি। প্রতিবেদনে উল্লেখ করা অপরাধের ঘটনার মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ,পঙ্গুসহ গুরুতর আহত করা, সম্পত্তি দখল, লুটতরাজ, অগ্নিসংযোগ।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০০৯ সালের ২৭ ডিসেম্বর সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাহাবুদ্দিনকে চেয়ারম্যান করে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল।সুপারিশ: কমিশনের প্রতিবেদনে সহিংস ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা, কোনো মামলায় রাজনৈতিক প্রভাবে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হলে তা পুনরুজ্জীবিত করার ব্যবস্থা, প্রতি জেলায় স্বল্প মেয়াদের একটি তদারক কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া এবং নির্বাচনোত্তর সহিংসতা এড়াতে জয়-পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, সহনশীল আচরণ ও ইতিবাচক মনোভাব জাগ্রত করার সুপারিশ করা হয়।সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা দমনে প্রশাসন তখন ব্যর্থতার পরিচয় দিয়েছিল। বিএনপি- জামায়াত জোটের সন্ত্রাসীদের নামে করা পাঁচ হাজার ৮৯০টি মামলা সরকারিভাবে প্রত্যাহার করে ৭০ হাজার সন্ত্রাসীকে মুক্ত করে দেওয়া হয়েছে।