বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার শুনানির এ দিন ধার্য করেন। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত সাকা চৌধুরী ও মুজাহিদ ১৪ অক্টোবর রায় পুনর্বিবেচনার আবেদন করেন। পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণের জন্য পরদিন আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল ওই আবেদন দুটির ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি আদেশ দেন।
পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সাকা চৌধুরী আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার জন্য যে আবেদন করেছেন, সেটাও পুনর্বিবেচনার আবেদনের সঙ্গে ওই দিন আদালতে যাবে।
গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরদিন তাঁদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিনই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ এবং গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়।