সাকা ও মুজাহিদের মুক্তি দাবি করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তি দাবি করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত ২৭ অক্টোবর দেওয়া বিবৃতিতে অ্যামনেস্টি কেবল সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে তার অবস্থান তুলে ধরেছিল।
গতকাল শুক্রবার লন্ডনে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি এই ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ অক্টোবর দেওয়া বিবৃতিকে ভুলভাবে অনুধাবন করা হয়েছে। ওই বিবৃতি নিয়ে বাংলাদেশে যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এবং গণমাধ্যমগুলো থেকে এ বিষয়ে অনুসন্ধান করার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য অ্যামনেস্টি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফায়েজ বলেন, অ্যামনেস্টি দুই আসামির মুক্তি দাবি করেছে কিংবা মুক্তিবাহিনীর সদস্যদের বিচার দাবি করেছে—এমন কথা ওই বিবৃতির কোথাও নেই। উদ্দেশ্যমূলকভাবে অ্যামনেস্টির বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অ্যামনেস্টির বিবৃতি নিয়ে বাংলাদেশে যে পরিমাণ প্রতিক্রিয়া হয়েছে তাতে তাঁরা ব্যথিত হয়েছেন বলে জানান আব্বাস ফায়েজ।
সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে আব্বাস ফায়েজ বলেন, ‘মুক্তিবাহিনীর বিচার করতে হবে—এ কথা আমরা বলিনি। বলেছি, মুক্তিযুদ্ধকালে দুই পক্ষেই অপরাধ সংঘটিত হয়েছে। সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে মুক্তিবাহিনীর যেসব লোক মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন, তাঁদের বিষয়েও তদন্ত করতে হবে। বাস্তবে এমনটি সম্ভব না হলেও, এটা একটা মানবাধিকারের প্রশ্ন। আমরা বলতে পারি না, তারা মুক্তিবাহিনীর লোক, তাদের বিষয়ে তদন্ত করা যাবে না।’
সংস্থাটির সাউথ এশিয়ান ট্রানজিশনাল লিড অ্যান্ড রিসার্স ডিরেক্টর ডেভিড গ্রিফিথস বলেন, মানবাধিকার রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠান হিসেবে অ্যামনেস্টি যেকোনো অপরাধের ক্ষেত্রে উভয় পক্ষের পূর্ণ জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানায়। যেকোনো পরিস্থিতিতে স্বাধীন এবং নিরপেক্ষ বিচারের কথা বলে। কিন্তু মৃত্যুদণ্ডের বিপক্ষে অ্যামনেস্টির অবস্থানের অর্থ এই নয় যে অপরাধীকে কম শাস্তি দিতে হবে।
অ্যামনেস্টির মৃত্যুদণ্ড রোধ-বিষয়ক ক্যাম্পেইনার কিয়ারা সানগিয়োগো বলেন, সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে অ্যামনেস্টির অবস্থান। এটা শুধু বাংলাদেশের বেলায় নয়, বিশ্বের যেকোনো দেশে, যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অ্যামনেস্টির অবস্থান।
আব্বাস ফায়েজ বলেন, বাংলাদেশে অ্যামনেস্টির কাজ কখনো কোনো দলের পক্ষে সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, বাংলাদেশে যখন যারা বিরোধী দলে থাকে, তখন তারা মানবাধিকারের বড় রক্ষক হয়ে যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা মানবাধিকারের সবটুকুই ভুলে যায়। তখন মানবাধিকার প্রতিষ্ঠার এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিগুলো তাদের মনে থাকে না।
বস্তুত অ্যামনেস্টির বক্তব্যগুলো ক্ষমতার বাইরে থাকা লোকদের পক্ষে যায় মন্তব্য করে আব্বাস ফায়েজ বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন তাদের প্রতি সরকারের নিপীড়নের বিরুদ্ধে অ্যামনেস্টি কথা বলেছিল। এ প্রসঙ্গে তিনি বিএনপি-জামায়াত জোট আমলে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর লাঞ্ছিত হওয়ার ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, মানবাধিকার সবার জন্য। বিরোধী দলে থাকলে যে তাদের মানবাধিকার থাকবে না, সেটা হতে পারে না। আবার কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে যে তার মানবাধিকারের পক্ষে কথা বলা যাবে না, সেটাও গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে তিন বক্তাই বাংলাদেশে একের পর এক ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনা চরম উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। অথচ অ্যামনেস্টি এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ক্রমাগতভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।