সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা কারাগারে
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই পরোয়ানা কারাগারে পৌঁছায়।
সাকা চৌধুরী গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ ও মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দার গতকাল রাত পৌনে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা মুজাহিদকে বিকেলেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর জন্য তা কাশিমপুরে পাঠানো হয়েছে।
কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিকেলে পাঠানো সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা রাত ৮টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগারে পৌঁছেছে।
সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীরা গতকাল রাতে সাংবাদিকদের বলেন, ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাঁরা ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বরাবর একটি নোটিশ পাঠিয়েছেন।
গতকাল বেলা তিনটার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় থেকে লাল কাপড়ে মোড়ানো ও সিলগালা করা মৃত্যু পরোয়ানা দুটি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান ট্রাইব্যুনালের কয়েকজন কর্মকর্তা। সেখানে কারাধ্যক্ষ নেছার আলম মৃত্যু পরোয়ানা দুটি গ্রহণ করেন। পরে তিনি তা কারা তত্ত্বাবধায়কের কাছে পৌঁছে দেন।
এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের বলেন, ‘গত বুধবার রাত আটটার দিকে আমরা সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় দুটি পাই। বৃহস্পতিবার রায় দুটি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের তিনজন বিচারপতি মৃত্যু পরোয়ানায় সই করেন। ট্রাইব্যুনালের নির্দেশে আমরা মৃত্যু পরোয়ানা দুটি কারা কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব। একই সঙ্গে মৃত্যু পরোয়ানার অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।’
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কথা বলার পরপরই পরোয়ানা দুটি নিয়ে কারাগারের দিকে রওনা হন ট্রাইব্যুনালের কর্মকর্তারা।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায়ে বলা আছে, পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি গ্রহণ অথবা পূর্ণাঙ্গ রায়ের সংবাদ পাওয়া, যেটি আগে হবে, তখন থেকে ১৫ দিনের মধ্যে আসামিকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে হবে। এখন যদি মৃত্যু পরোয়ানা আসামিদের পড়ে শোনানো হয়, তা হলে তখন থেকে পুনর্বিবেচনার আবেদন করার দিন গণনা শুরু হয়ে যাবে। তবে পুনর্বিবেচনার আবেদন হলে মৃত্যু পরোয়ানা ও দণ্ড কার্যকরের প্রক্রিয়া সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যাবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। আর মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে একই বছরের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। তাঁরা দুজনেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন।
পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ১৬ জুন মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। একই বেঞ্চ গত ২৯ জুলাই সাকা চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সাকা চৌধুরী ও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় দুটি প্রকাশিত হয়।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা দুজনই রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। ২০১৩ সালের ১২ ডিসেম্বর আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর চলতি বছরের ১২ এপ্রিল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। তবে সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি।