সাকা চৌধুরীর আপিলের রায় আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায় আজ বুধবার ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের আজকের কার্যতালিকার ১ নম্বরে এ মামলাটি রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের পঞ্চম আপিল মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং দুই সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আপিলের রায় ঘোষণা করেছেন আদালত। এর মধ্যে কামারুজ্জামান ও কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। আমৃত্যু কারাদণ্ডাদেশ ভোগ করছেন সাঈদী। আর মৃত্যুদণ্ড বহাল থাকা মুজাহিদের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি।
সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণার দিন ধার্য থাকায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি। চলতি বছরের ১৬ জুন আপিলের শুনানি শুরু হয়, শেষ হয় ৭ জুলাই। ওই দিন আদালত রায় ঘোষণার জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।
আপিল শুনানি শেষ হওয়ার পর থেকে রাষ্ট্রপক্ষ আশা করছে, এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা আপিল বিভাগ বহাল রাখবেন। তবে আসামিপক্ষের আশা, ট্রাইব্যুনালের সাজা বাতিল করে সাকা চৌধুরীকে অব্যাহতি দেবেন সর্বোচ্চ আদালত।
এদিকে সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি নিয়ে গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। ২৪ জুলাই থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত শাহবাগে মঞ্চের এ কর্মসূচি চলছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে গতকাল খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আসামিকে ফাঁসি দিতে তারা (গণজাগরণ মঞ্চ) রাজপথে নেমেছে। আমি অবাক হই, যে দেশে বিন্দুমাত্র আইনের শাসন আছে, সেখানে একটি বিচারাধীন মামলায় সাজা কী হবে, তা নিয়ে রাজপথে পুলিশের প্রহরা নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ফাঁসি চাইছে। যেখানে আদালতে মামলা বিচারাধীন, সেখানে ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া বা অবস্থান করা আদালত অবমাননার সমতুল্য। আমি আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট কঠোর মনোভাব দেখাবেন।’
তবে ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের কর্মসূচিকে আদালত অবমাননা বলে মনে করেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও ফাঁসি চাওয়া নতুন কিছু নয়। প্রত্যেকের ক্ষেত্রে এমনটি ঘটেছে। সাঈদীকে ফাঁসি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁর ব্যাপারেও মানুষ চেয়েছিল ফাঁসি হোক।
অ্যাটর্নি জেনারেল বলেন, যাঁরা মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাঁরা মুক্তিযুদ্ধের পক্ষের, তাঁরা সবাই চান ট্রাইব্যুনালের সাজা যেন বহাল থাকে। যুক্তরাষ্ট্রের নজির তুলে ধরে তিনি বলেন, সেখানে একজন কৃষ্ণাঙ্গ লোককে পুলিশ মেরে ফেলেছিল। তখনো বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল। বিচারের দাবিতে মানুষের সোচ্চার হওয়া নতুন কিছু নয়। বাইরে যাই হোক না কেন, আদালত চাপমুক্ত থেকে বিচার করছেন এবং রায় দিচ্ছেন।
ট্রাইব্যুনালের রায়: মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও ঊনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
ওই রায়ে বলা হয়, সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ এনেছে, যার মধ্যে নয়টি (২ থেকে ৮ এবং ১৭ ও ১৮ নম্বর অভিযোগ) প্রমাণিত হয়েছে। এর মধ্যে তৃতীয় অভিযোগে নূতন চন্দ্র সিংহকে হত্যা, পঞ্চম অভিযোগে সুলতানপুর বণিকপাড়া ও ষষ্ঠ অভিযোগে ঊনসত্তরপাড়ায় গণহত্যা, অষ্টম অভিযোগে হাটহাজারীর আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর ও তাঁর ছেলেকে অপহরণ করে খুনের দায়ে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
দ্বিতীয়, চতুর্থ ও সপ্তম অভিযোগে হত্যা, গণহত্যার পরিকল্পনা, সহযোগিতা এবং লুণ্ঠন, অগ্নিসংযোগ ও দেশান্তরে বাধ্য করার ঘটনায় সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাঁকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ১৭ ও ১৮ নম্বর অভিযোগে অপহরণ ও নির্যাতনের দায়ে তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। বাকি ১৪টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেন ট্রাইব্যুনাল।
হরতালে গাড়ি পোড়ানোর এক মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাঁর বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।
চট্টগ্রাম অফিস জানায়, গতকাল থেকে চট্টগ্রামে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমরা নগরে ছয়জন সাক্ষীর পরিচয় পেয়েছি। তাঁদের এলাকায় পুলিশ বাড়ানো হয়েছে। আর সংশ্লিষ্ট সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন করে থানার কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। নগরের নিরাপত্তাও আমরা বাড়িয়েছি, যাতে আপিল বিভাগের রায় ঘোষণার পর কেউ ফায়দা লুটতে না পারে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের বাড়ি ও প্রতিষ্ঠানে গতকাল থেকে ১০ জন পুলিশসদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাউজানের আরও কয়েকজন সাক্ষীর বাড়ির আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’