সাকা চৌধুরীর আপিলের রায় ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুক্তিযুদ্ধকালে মানবতা–বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের রায় ২৯ জুলাই ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষ আশা করছে, আপিলের রায়েও সাকা চৌধুরীর ফাঁসি বহাল থাকবে। আসামিপক্ষের আশা, তিনি খালাস পাবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মঙ্গলবার সাকা চৌধুরীর করা আপিলের শুনানি শেষ হয়। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল আপিল বিভাগে সাকা চৌধুরীর পক্ষে শেষ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। তাঁদের সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল-আমীন। পরে রাষ্ট্রপক্ষে যুক্তি খণ্ডন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। শুনানি শেষে ২৯ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।
শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদেরকে চারটি অভিযোগে ফাঁসির আদেশ দিয়েছিলেন। আমরা আশাবাদী, এই আদেশ আপিল বিভাগেও বহাল থাকবে।’
খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অপরাধ সংঘটনের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না। আদালত এ বিষয়টি বিবেচনা করবেন বলে আমরা আশা করি।’
এ নিয়ে আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের পঞ্চম মামলার শুনানি শেষ হলো। এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার রায় দিয়েছেন আপিল বিভাগ। সর্বশেষ গত ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের ফাঁসি বহাল রাখেন সর্বোচ্চ আদালত। ওই দিনই সাকা চৌধুরীর করা আপিলের শুনানি শুরু হয়। ১৩ দিন শুনানি শেষে গতকাল তা শেষ হলো।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, যার মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩, ৫, ৬, ৮) ফাঁসির আদেশ ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দুপাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২, ৪, ৭) সাকা চৌধুরীকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর নিজামুদ্দিন আহমেদসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও মো. সালেহউদ্দিনকে নির্যাতনের দুটি অভিযোগে (১৭ ও ১৮) তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি।
সাকা চৌধুরী কি দেশে ছিলেন?: এই মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার সময় থেকে সাকা চৌধুরী দাবি করছেন, ১৯৭১ সালের ২৯ মার্চ তিনি দেশ ছেড়ে পাকিস্তানের করাচি চলে গিয়েছিলেন। একাত্তরে তিনি আর দেশে ফেরেননি। আপিলের শুনানিতেও সাকা চৌধুরীর এই প্লি অব অ্যালিবাই (অপরাধ সংঘটনের সময় অন্যত্র থাকার দাবি) তুলে ধরেন তাঁর আইনজীবীরা।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়, সর্বৈব মিথ্যা। তিনি ওই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে দাবি করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়লে তাঁর কোনো না কোনো রেকর্ড থাকবে। তেমন কোনো রেকর্ড তিনি আদালতকে দেখাতে পারেননি।’
এ মামলার অন্যতম সাক্ষী ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালেহউদ্দিনের সাক্ষ্যের কথা তুলে ধরে মাহবুবে আলম বলেন, তাঁদের মতো বুদ্ধিজীবী ও শিক্ষাবিদেরা মিথ্যা সাক্ষ্য দেবেন না কি? অবশ্যই সালাউদ্দিন কাদের দেশে ছিলেন। এ ছাড়া যাঁরা নির্যাতিত হয়েছেন, তাঁরাও বলেছেন একাত্তরে তিনি দেশে ছিলেন। ওই সময়ের পুলিশ প্রতিবেদনেও (এসবি রিপোর্ট) আছে, সালাউদ্দিন কাদেরের গাড়ির ওপর হামলা হয়েছিল। গাড়িচালক মারা যান।
এ প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ১৯৭১ সালের ১৩ এপ্রিল থেকে। আমরা বলেছি, তিনি একাত্তরের ২৯ মার্চ ঢাকা থেকে পাঞ্জাব ইউনিভার্সিটিতে চলে যান। আমরা এ-সংক্রান্ত নথি দিয়েছি।...রাষ্ট্রপক্ষ বলছে, ওনার ওপর হামলা হয়েছিল, গাড়িচালক মারা গেছে। আমরা বলেছি, চালকের পরিবারের পক্ষ থেকে সাক্ষী আনা হোক—কোন গাড়ি, কি গাড়ি। তারা গাড়িচালকের নামও দিতে পারেনি।’
সাকা চৌধুরীর এই প্লি অব অ্যালিবাইয়ের বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ দিয়ে ট্রাইব্যুনাল রায়ে বলেছিলেন, তাঁর (সাকা চৌধুরী) এ দাবি সত্য নয়। সাক্ষীদের সাক্ষ্য ও দালিলিক নথি থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে সাকা চৌধুরী ওই সময়ে দেশে ছিলেন।