সাকা চৌধুরীর আপিলের শুনানি আবার ২১ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের ওপর গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। ২১ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ আপিলের শুনানি চলছে। সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান গতকাল পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের তৃতীয় অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের রায় ঘোষণার পর গত মঙ্গলবারই সর্বোচ্চ আদালতে সাকা চৌধুরীর আপিলের শুনানি শুরু হয়। এ নিয়ে আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের পঞ্চম মামলার শুনানি চলছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও ঊনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, যার মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩, ৫, ৬, ৮) ফাঁসির আদেশ ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দুপাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২, ৪, ৭) সাকা চৌধুরীকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর নিজামুদ্দিন আহমেদসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও মো. সালেহউদ্দিনকে নির্যাতনের দুটি অভিযোগে (১৭ ও ১৮) তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি।