সাকা চৌধুরীর আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের রায়ের পর গতকাল মঙ্গলবারই সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের শুনানি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল প্রথম দিনের মতো সাকা চৌধুরীর আপিলের শুনানি হয়। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল শুনানিতে পেপারবুক থেকে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শুরু করেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। শুনানি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ৪৬ নম্বরে সাকা চৌধুরীর আপিল শুনানির জন্য রয়েছে।
এ নিয়ে আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের পঞ্চম মামলার শুনানি শুরু হলো। এর আগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মামলায় আপিলের রায় দিয়েছেন আপিল বিভাগ। গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের ফাঁসি বহাল রাখেন সর্বোচ্চ আদালত।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বণিকপাড়া ও উনসত্তরপাড়ায় গণহত্যা, আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে অপহরণ ও হত্যার দায়ে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২৩টি অভিযোগ আনে, যার মধ্যে নয়টি প্রমাণিত হয়। চারটি অভিযোগে (৩, ৫, ৬, ৮) ফাঁসির আদেশ ছাড়াও রাউজানের মধ্য গহিরা হিন্দু পাড়া ও জগৎমল্লপাড়ায় গণহত্যা এবং রাউজানের সতীশ চন্দ্র পালিতকে হত্যার তিনটি অভিযোগে (২, ৪, ৭) সাকা চৌধুরীকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর নিজামুদ্দিন আহমেদসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও মো. সালেহউদ্দিনকে নির্যাতনের দুটি অভিযোগে (১৭ ও ১৮) তাঁকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেনি।